বায়তুল মোকাররমে 'আশুরার গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল (রোববার) পবিত্র আশুরা উদযাপিত হবে। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ (শনিবার) বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 'পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক জিলানী।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক আলমগীর হায়দার, মুফতি আব্দুল্লাহসহ কর্মকর্তা কর্মচারি এবং সাধারণ মুসল্লিরা। এ উপলক্ষে রোববার সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাস মহামারীর কারণে আগামী পবিত্র আশুরা উপলক্ষে এ বছর খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভায় এ নির্দেশনার কথা জানান ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঘরোয়াভাবে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে বলে জানিয়েছেন তিনি।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।