বাংলাদেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, টিকা দিতে আগ্রহী রাশিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i82691-বাংলাদেশে_করোনায়_আরো_৩৩_জনের_মৃত্যু_টিকা_দিতে_আগ্রহী_রাশিয়া
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০২০ ১৩:৪২ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, টিকা দিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৫৪টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৯ এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৮৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৫ দশমিক ৪৬ শতাংশ।

রাশিয়া বাংলাদেশকে করোনার টিকা দিতে আগ্রহী

করোনাভাইরাস মহামারিকালে সবার আগে ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। ‘স্পুটনিক-৫’ নামে সেই ভ্যাকসিন সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে বাংলাদেশে টিকা দিতে আগ্রহী রুশ সরকার।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখনই টিকা উৎপাদনে সক্ষম কি না, তা জানতে চেয়েছে রাশিয়া সরকার। এতে তারা অনুমতি দেবে বলে জানিয়েছে।’

জাহিদ মালেক আরও বলেন, দক্ষিণ কোরিয়া কোভিড পরীক্ষার জন্য দুটি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন টেস্টের জন্য  বাংলাদেশকে কিট সহায়তা দেবে।

তবে,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম আজ (সোমবার) মানিকগঞ্জ স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ  চীনের উৎপাদিত  ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদনও দেওয়া হয়েছে। মানবতার সেবায় স্ব-প্রণোদিত হয়ে যারা এগিয়ে আসবে শুধুমাত্র তাদেরকে করোনা ভ্যাকসিন ট্রায়ালে সম্পৃক্ত করা হবে। জোর করে কাউকে আনা হবে না।’#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।