বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i82712-বাংলাদেশে_গণতন্ত্র_ফিরিয়ে_আনাই_বিএনপির_বড়_চ্যালেঞ্জ_ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২০ ১০:৫৮ Asia/Dhaka
  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি\\\'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি\\\'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি ফখরুল বলেন, ‘এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এখন একটাই লক্ষ্য গণতন্ত্র উদ্ধার করা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর আমরা বিশ্বাস করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিথ্যা হয়রানির মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেবে।’

তিনি বলেন, বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে একটা একনায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা। এখানে যেহেতু জনপ্রিয় রাজনৈতিক দল বা গণতান্ত্রিক অধিকার নেই, সেই কারণেই এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগটা অনেক সীমিত হয়ে গেছে। সেজন্যই জনগণকে এখন আমাদের উদ্বুদ্ধ করে কাজের মধ্যে যেতে হবে।

বিশ্ব মহামারি করোনাভাইরাসের মধ্যে দলটি সাদামাটাভাবে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে দলের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। ওই বছর ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ ঘোষণা করা হয়। ৩ জুন নির্বাচন দিয়ে ওই ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ থেকে প্রার্থী হয়ে তিনি রাষ্ট্রপতি হন। নির্বাচনের তিন মাসের মাথায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে পত্রিকায় স্বনামে প্রকাশিত এক নিবন্ধে মির্জা ফখরুল ইসলাম লিখেছেন, “সকল বাধাবিপত্তি উপেক্ষা করে, নির্যাতন-দমনপীড়নকে জয় করে, শহীদ জিয়ার আদর্শের বিএনপি অতীতে যেমন ঘুরে দাঁড়িয়েছে, নিকট ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি ঘটবে। জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারকবাহক বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ গঠন করবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনবে। আজ ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই বিএনপির লাখোকোটি নেতাকর্মী ও সমর্থকের শপথ #

পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।