মানবিক কারণে খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এখানে কোন রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই। তার বয়সের কথা চিন্তা করে মানবিক কারণে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ (শুক্রবার) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা এসব বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এর আগেও তার চিকিৎসার বিষয়টি বিবেচনা করে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে ৬ মাসের জন্য। কিন্তু করোনা পরিস্থিতিতে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি। সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।'
এসময় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনাটি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক হিসাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। অপরাধী যেই হোক প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টি সরকারের অগ্রাধিকার।’
করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ করা হয়েছে। এছাড়া ১১ কোটি টাকারও বেশি নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।
করোনা মহামারি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গা ছাড়া ভাবের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা,বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়াসহ অন্য চিকিৎসকরা।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।