বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i83512-বাংলাদেশে_করোনাভাইরাসে_গত_২৪_ঘণ্টায়_আরও_২১_জনের_মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাস মহামারীতে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ২৭২ জনে দাঁড়াল। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০১, ২০২০ ১৩:৩২ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু

বাংলাদেশে করোনাভাইরাস মহামারীতে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ২৭২ জনে দাঁড়াল। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে পঞ্চদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে ৩ কোটি ৩৯ লাখ পেরিয়েছে; মৃতের সংখ্যা ১০ লাখ ১৪ হাজার ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৮টি ল্যাবে ১১ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ৭৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ২২ সেপ্টেম্বর সেই সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।