ধর্ম নিয়ে কটূক্তি, তরুণী গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/bangladesh-i84439-ধর্ম_নিয়ে_কটূক্তি_তরুণী_গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর প্রচারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৬, ২০২০ ১৬:০৬ Asia/Dhaka
  • ধর্ম নিয়ে কটূক্তি, তরুণী গ্রেপ্তার
    ধর্ম নিয়ে কটূক্তি, তরুণী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর প্রচারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাতে মিরপুরের দারুসসালাম থানার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মবিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নিজের নামে ৭ টি ফেসবুক আইডি, ২ টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেসবুক পেইজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ পোস্ট করে আসছিলেন।

তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার করে আসছিলেন। আটক ইসরাত জাহান রেইলি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা

ফেনীর দাগনভূঞায় এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় আসামি হারবাল চিকিৎসক করিম মহাজন ও বেলাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বিকেলে নির্যাতিত ওই কিশোরীর মা বাদী হয়ে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান গ্রেপ্তারকৃত হারবাল চিকিৎসক করিম মহাজন মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরজন বেলাল হোসেন ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অস্ত্র ও ইয়াবাসহ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

এদিকে, রাজধানীর আদাবর থেকে অস্ত্র ও ইয়াবাসহ মনিরুজ্জামান মনির (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মনির আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। গতকাল সন্ধ্যায় র‌্যাব আদাবরের ১/২ পিসিকালচার হাউজিং সোসাইটিতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান ও ৪শ পিস ইয়াবা উদ্ধার হয়।

র‌্যাব জানায়, মনির বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, বাড়ি দখল, ভাংচুর, ভয় ভীতি দেখানোর অভিযোগে ৭৫টি মামলা ও জিডি রয়েছে। মোহাম্মদপুরের শেখেরটেক ও বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং, তুরাগ হাউজিং, চাঁদ উদ্যান, একতা হাউজিং, শ্যামলী হাউজিং, রাজধানী হাউজিং, নবীনগর হাউজিং, গ্রিন সিটিসহ ১০টি হাউজিং প্রতিষ্ঠানের একাধিক প্লট দখলের অভিযোগ রয়েছে মনিরের বিরুদ্ধে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান//আবুসাঈদ/৬ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।