দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i88380-দেশে_মতপ্রকাশের_স্বাধীনতা_সম্পূর্ণভাবে_বিরাজমান_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের সমালোচনার জন্য এখন পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৮, ২০২১ ১০:৩২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের সমালোচনার জন্য এখন পর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেফতার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।’

‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই বিএনপি নেতাদের এই অভিযোগের বিষয়ে আজ (সোমবার) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ‘সরকার ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ কথাগুলো বিএনপির শাসন আমলের জন্য চির সত্য।’

‘বিএনপিই এ দেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিল। আর, হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করা হয়েছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন-সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা। বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ এবং জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ ও সরকার মেনে নেবে না।’

‘দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র বিএনপির বিকল্প আন্দোলন’ দাবি করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কারণ, মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথ ভয় পায় না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি, তাদের বাধা দেওয়ার দরকার হয় না।’ বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন, অথচ বিএনপি কোনোরূপ সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বার বার থামিয়ে দিচ্ছে। বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং রাজনীতি এ দেশের গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।