খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল, বিদেশ যেতে পারবেন না
https://parstoday.ir/bn/news/bangladesh-i88684-খালেদা_জিয়ার_মুক্তির_মেয়াদ_আরও_৬_মাস_বাড়ল_বিদেশ_যেতে_পারবেন_না
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৫, ২০২১ ০৯:৪৮ Asia/Dhaka
  • খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল, বিদেশ যেতে পারবেন না

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না।

আজ (সোমবার) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছিল।

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাঁকে দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এ মুক্তি দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে এ-সংক্রান্ত আবেদন করেন।

আবেদনে সাজা মওকুফ করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। শর্ত শিথিল করারও আবেদন করা হয়।

গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে প্রথমে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান। পরে গত সেপ্টেম্বর মাসে তাঁর মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বেগম জিয়ার ৬ মাসের মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ। তার এক সপ্তাহ আগেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হলো। মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্তে উল্লেখ করা হয়েছে।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।