হেফাজতের হরতালে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/bangladesh-i89278-হেফাজতের_হরতালে_মহাসড়ক_অবরোধ_ধাওয়া_পাল্টা_ধাওয়া_ও_বিক্ষোভ_মিছিল
মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার রাতে রাজধানীর পুরান পল্টনে সাংবাদ সম্মেলন করে সারা দেশে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০২১ ০৭:৫২ Asia/Dhaka

মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মীদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার রাতে রাজধানীর পুরান পল্টনে সাংবাদ সম্মেলন করে সারা দেশে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী।

আজ (রোববার) সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। পরে পুলিশের অনুরোধে সড়ক অবরোধ তুলে নেয় মাদ্রাসা ছাত্ররা। লালবাগেও বিক্ষোভ করেছেন হেফাজত সমর্থকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখ সাইনবোর্ড, সানারপাড় এলাকায় খুঁটি ফেলে সড়ক অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেট ও চট্টগ্রামগামী কোন দূরপাল্লার বাস ছেড়ে যেতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোড এলাকা

ওদিকে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে অল্প সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করলেও তা সংখ্যায় সীমিত। দোকানপাট-মার্কেট ও বিপনিবিতান খোলা রয়েছে। হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টনে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষকেই ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

পল্টনে হেফাজতের মিছিল

এদিকে, দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে হেফাজতে ইসলামের হরতাল কমসূচি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জে চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতালকে কেন্দ্র করে নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন হেফাজত নেতারা। সকাল ৭টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন।

বিজিবির ফাঁকা গুলি

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ সকাল থেকে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে তারা। বেলা ১১টার দিকে পুলিশ বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন জানা গেছে।

হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে খাল কেটে অবরোধ করেছে বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা। এদিকে টানা আন্দোলনে দুদিন ধরে অগ্নিগর্ভ হয়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। শহরের টিএরোডে অবস্থান নিয়েছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা। এছাড়া, আরো ১০-১২টি স্থানে অবস্থান নিয়েছেন হেফাজত সমর্থকরা।

সিলেট নগরীতে সকাল থেকেই হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। এতে শহরের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সুনামগঞ্জে শহরের সড়কে অবস্থান নিয়েছেন হেফাজতের কর্মীরা। তারা দূর-দূরান্ত এবং শহরেও কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। সীমিত সংখ্যক অটোরিকশাসহ হালকা যান চলাচল করছে। ফেনী-নোয়াখালী সড়ক অবরোধ করেছেন হেফাজত সমর্থকরা। ওদিকে রাজশাহী মহানগরীর ট্রাক টার্মিনালে রাখা বিআরটিসির দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরুদ্ধে ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। হেফাজত নেতারা আজকের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।