বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে নানা পদক্ষেপ: অপ্রতুল স্বাস্থ্যসেবা
https://parstoday.ir/bn/news/bangladesh-i89630-বাংলাদেশে_করোনার_দ্বিতীয়_ঢেউ_সামলাতে_নানা_পদক্ষেপ_অপ্রতুল_স্বাস্থ্যসেবা
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জীবনটা আগে। জীবন বাঁচানো সবার করণীয়। তাই স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৫, ২০২১ ০৭:০৮ Asia/Dhaka

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জীবনটা আগে। জীবন বাঁচানো সবার করণীয়। তাই স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে।’

গতকাল জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সরকার প্রধান বলেন, এবারের ভাইরাসটি কতটুকু খারাপ করল, চট করে তা বোঝা যায় না। পরে দেখা যায়, পরিস্থিতি হঠাৎ খারাপ হয়েছে। তাই সবাইকে সাবধানে থাকতে হবে। এখন দেখা যাচ্ছে, তরুণ ও শিশুরাও সংক্রমিত হচ্ছে। তাদের সুরক্ষিত রাখতে হবে।

এদিকে করোনার ক্রমবর্ধমান সংক্রমণের কারণে দেখা দিয়েছে স্বাস্থ্যসেবা সঙ্কট। ভুক্তভোগীদের অভিযোগ- তারা হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

সংশ্লিষ্ট চিকিৎসকগণ বলছেন, সংক্রমণের নতুন ধারায় দেখা যাচ্ছে প্রথমেই রোগী শ্বাসকষ্ট অথবা যথেষ্ট অক্সিজেন নিতে পাচ্ছেন না এমন অবস্থা নিয়ে হাসপাতালে আসছেন। তাই তাকে অক্সিজেন দেয়া বা আইসিইউতে নেয়া দরকার হচ্ছে। এমনটিই গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডাক্তার মোজাফফর হোসেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডাক্তার নাজমুল ইসলাম আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে তাদের কাছে এক হাজারের মতো হাইপো ন্যাজাল কানুলা রয়েছে এবং আরও অধিকসংখ্যক   যন্ত্রপাতি দ্রুত সংগ্রহ করা হচ্ছে। এগুলো এসে গেলে মৃত্যুর মিছিল  কমানো যাবে।

জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন যারা নতুন করে করোনা পজিটিভ হবেন তাদের বাড়িতে লাল পতাকা উড়াতে হবে এবং হোম কোয়ারেন্টিন করতে হবে।

রবিবার (৪ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কোভিড-১৯ এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ওপর আলোচনা সভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধে শর্তসাপেক্ষে ১৮টি নির্দেশনা দিয়েছেন। জনগণকে নির্দেশনা মানানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা যথাযথভাবে পালন করলে আমরা আবারও করোনা ভাইরাস নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারব।

সরকারি নির্দেশনা বাস্তবায়নের  ব্যাপারে মহা পুলিশপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, ‘সোমবার থেকে বলবৎ সরকারী নি‌র্দেশনাসমূহ প্রতিপালনে বলপ্রয়োগ নয়, বরং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।’

রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মহানগর পুলিশ, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের এ নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, ‘গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে পূর্ণাঙ্গরূ‌পে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের অবস্থানস্থল চিহ্নিত করতে হবে।’

ড. বেনজীর আহমেদ সরকারি নিনির্দেশের কথা পুনরুল্লেখ করে জানান, , ‘জরুরি সেবাসমূহ, শিল্প কারখানা এবং গার্মেন্টস খোলা থাকবে। গণপরিবহণ বন্ধ থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে।’

পুলিশ অফিসার ও ফোর্সকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা মেনে দায়িত্ব পালন করতে হবে। করোনা আক্রান্ত রোগী ও মৃতব্যক্তির সংস্পর্শে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই পিপিই, ফেসশিল্ড, মাস্ক ইত্যাদি সুরক্ষা সামগ্রী যথাযথভাবে পরিধান করতে হবে।’

সে সময় পুলিশের সব স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে ‘নো মাস্ক নো এন্ট্রি’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন আইজিপি। একই সঙ্গে পুলিশের সব স্থাপনা নিয়মিত জীবাণুমুক্ত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।