শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর
https://parstoday.ir/bn/news/bangladesh-i91064-শ্বাসকষ্ট_বেড়ে_যাওয়ায়_খালেদা_জিয়াকে_হাসপাতালের_সিসিইউতে_স্থানান্তর
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ (সোমবার) বিকেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৩, ২০২১ ১২:৩৩ Asia/Dhaka
  • শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ (সোমবার) বিকেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, শ্বসকষ্টের সমস্যায় আজ দুপুর ২টায় খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, খুব লো টাইপের করোনা পজিটিভ এসেছে তার (খালেদা জিয়ার)।

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ১৪ দিন যাওয়ার পর দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট হলেও ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এরপর শনিবার (১ মে) চিকিৎসকরা বলছিলেন, শুক্র ও শনিবার মে দিবসের সরকারি ছুটির কারণে এই দুদিন ঠিকমতো খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি। ফলে হাসপাতাল থেকে তার বাসায় ফিরতে কয়েকদিন সময় লাগবে।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। প্রায় আড়াই বছরের মতো কারাগারে ছিলেন তিনি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। দুই দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩