কোয়াডে যোগদান নিয়ে চীনের উদ্বেগের জবাব দিল বাংলাদেশ, বিশ্লেষকের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i91484-কোয়াডে_যোগদান_নিয়ে_চীনের_উদ্বেগের_জবাব_দিল_বাংলাদেশ_বিশ্লেষকের_প্রতিক্রিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চারটি দেশের নিরাপত্তা সংলাপ বা কোয়াডে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে চীনের উদ্বেগ প্রসঙ্গে চটজলদি বেশ কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে বলেছেন, কোয়াডে যুক্ত হবে কিনা সেটি দেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী ঠিক করা হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১১, ২০২১ ১২:২৪ Asia/Dhaka

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চারটি দেশের নিরাপত্তা সংলাপ বা কোয়াডে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে চীনের উদ্বেগ প্রসঙ্গে চটজলদি বেশ কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে বলেছেন, কোয়াডে যুক্ত হবে কিনা সেটি দেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী ঠিক করা হবে।

কোয়াডে যুক্ত হলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে- চীনা রাষ্ট্রদূতের এমন মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ইস্যুতে আগ বাড়িয়ে কথা বলেছেন চীনা রাষ্ট্রদূত। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে কারও হস্তক্ষেপ করার সুযোগ নেই। তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি আমরাই ঠিক করব, চীনা রাষ্ট্রদূত কী বললেন সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না।

উল্লেখ্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড। ২০০৭ সাল থেকে শুরু হওয়া কোয়াড উদ্যোগ সম্প্রতি বৈশ্বিক ভূ-রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চার-দেশীয় জোট কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া ঠিক হবে না। কারণ এটি একটি নিরাপত্তা উপাদান বিশিষ্ট  চীন বিরোধী কৌশলগত জোট। কোয়াডে জড়ানোর বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম চীন সরাসরি বক্তব্য দিয়েছে।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলতে চেয়েছেন তা হলো কোয়াডে যোগদানের ব্যাপারে বাংলাদেশ কোনও সিদ্ধান্ত নেয়নি, তাই আগ বাড়িয়ে চীনের এ ব্যাপারে কথা বলা ঠিক হয়নি। তবে তিনি মনে করেন- চীনের এ ব্যাপারে উদ্বিগ্ন হবার কারণ রয়েছে, তা হল চীনের সাথে বাংলাদেশের বিদ্যমান সামরিক ও অর্থনৈতিক সুসম্পর্ক।  

অধ্যাপক এম শাহিদুজ্জামান

অধ্যাপক শাহিদুজ্জামান মনে করেন, চীন থেকে টিকা পাবার ব্যাপারে বা চীনের অর্থায়নে তিস্তা প্রকল্প নির্মাণের প্রস্তাবের ক্ষেত্রে বাংলাদেশের গড়িমসি দেখা গেছে। এ ব্যাপারে ভারতের যেমন ভূমিকা ছিল তেমনি কোয়াডে বাংলাদেশকে জড়ানোর ব্যাপারেও ভারতের আগ্রহ থাকতে পারে। সেটা হলে বাংলাদেশ আরো বেশী ভারত প্রভাবিত হয়ে পড়বে। আগে এর গত মাসের শেষ সপ্তাহে ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসে চীনের প্রতিরক্ষামন্ত্রী কোয়াড নিয়ে তাঁর দেশের উদ্বেগের কথা বাংলাদেশের রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন। এ অঞ্চলে কোয়াড যাতে আধিপত্য বিস্তার করতে না পারে, সে জন্য দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়ে বেইজিংয়ের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।