ইসরাইলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যোগসাজশ আছে বলে যে খবর বেরিয়েছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “বিএনপির সঙ্গে ইসরাইলের কোনো সম্পর্ক নেই এবং বিএনপি মনে করে যে, প্যালেস্টাইনের (ফিলিস্তিন) যে অধিকার, সার্বভৌমত্ব, এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তারা বরাবরই তার পক্ষে কথা বলেছে। ইউনাইটেড নেশনসেও (জাতিসংঘ) বলেছে। অন্যভাবেও বলেছে এবং বরাবরই প্যালেস্টাইনি জনগণের পক্ষে তারা ছিল।”
গত ৯ মে নয়াদিল্লিতে ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত একটি প্রতিবেদন ইসরাইলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’- এ প্রকাশিত হয়। সেই সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠক সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই বিএনপিকে উদ্দেশ করে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসে।
মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিযোগ করেন, “ইসরাইলের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার চেষ্টা করছে।”
তিনি বলেন, “আমাদের কাছে এমনও খবর আছে, তারা ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, বাংলাদেশকে একটি ধর্মান্ধ মুসলিম দেশ হিসেবে উপস্থাপন করে তারা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছে বিএনপি ক্ষমতায় গেলে ইসরাইলের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এটা যে কত বড় অপরাধ!”
এরপর বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, “খবর বেরিয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ইসরাইলের আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে। ইসরাইলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বিশ্বের অনেক মুসিলম দেশের সঙ্গেই ইসরাইলের সম্পর্ক নেই। এমন একটি দেশের আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানের সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠক বিশেষ অর্থ বহন করে।”
তিনি বলেন, “ইসরাইলকে সঙ্গে নিয়ে বিএনপি শুধু বাংলাদেশবিরোধী অবস্থানই নেয়নি, তারা গোটা মুসলিম জাহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস থেকে মাসোহারা নেয়। পাকিস্তানের ষড়যন্ত্র হালে পানি না পাওয়ায় বিএনপি এখন ইসরাইলের কাছে ধর্ণা দিচ্ছে।”
সরকারি দলের নেতা ও মন্ত্রীদের এসব বক্তব্যের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দলের অবস্থান স্পষ্ট করলেন।
এদিকে, বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ এবং পরে গ্রুপ ছবি তোলার বিষয়টি স্বীকার করে বলেছেন, তিনি জানতেন না যে, মেন্দি এন সাফারি ইসরাইলের লিকুদ পার্টির নেতা। গণমাধ্যমে খবর প্রকাশের পর জানতে পারেন তার সঙ্গে মোসাদের সম্পর্ক রয়েছে। পত্রিকায় প্রকাশিত ছবির বিষয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ছবি কিভাবে গণমাধ্যমে প্রকাশিত হল তা বুঝতে পারছি না। তবে এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সেজন্য নেতাকর্মী ও সমর্থকদের কাছে ক্ষমা চাইতেও দ্বিধা নেই তার।
একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে আসলাম চৌধুরী আরও বলেন, “বিষয়টি নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার কথা হয়েছে। তাকে বলেছি, এই সফর আমার ব্যক্তিগত। তারপরও এ ঘটনায় দল ক্ষতি হলে আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি। এরপরও দলের স্বার্থে তাকে পদ ছেড়ে দিতে বললে তাতে রাজি আছেন তিনি।”
আশরাফুর রহমান/১৩