গ্রেনেড হামলার ১৭ বছর
২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
-
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলো। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয়ভাবে নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সফিউল আলম চৌধুরী নাদেল, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একে একে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎসজীবী লীগ, জাতীয় শ্রমিক লীগ, মোটর চালক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে যান। বর্বরোচিত এই হামলায় আরও ৪০০ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির নেতা হারিছ চৌধুরী, সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়ে ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেয় বিচারিক আদালত। এই রায়ের বিষয়ে হাইকোর্টে আপিল মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপক্ষ বলেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা আপিল শুনানির জন্য ইতোমধ্যে পলাতক আসামিদের রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ প্রক্রিয়াও শেষ হয়েছে। এ বছরেই আলোচিত এ মামলার আপিল ও ডেথ রেফারেন্স শেষ করার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।