খালেদা জিয়ার মুক্তি আবেদনে আইন মন্ত্রণালয়ের মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
https://parstoday.ir/bn/news/bangladesh-i97058-খালেদা_জিয়ার_মুক্তি_আবেদনে_আইন_মন্ত্রণালয়ের_মতামত_এখন_স্বরাষ্ট্র_মন্ত্রণালয়ে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। তবে আইন মন্ত্রণালয় কী মতামত দিয়েছে আনিসুল হক সেটা জানান নি ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৪:০২ Asia/Dhaka

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। তবে আইন মন্ত্রণালয় কী মতামত দিয়েছে আনিসুল হক সেটা জানান নি ।

গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ শেষবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হবার কথা।

তিন বছর আগে দুটি দুর্নীতির মামলায় দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। গত বছর করোনা  মহামারির শুরুতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে  সরকার তার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে সাময়িক মুক্তি দেয়।

সে সময় শর্ত দেওয়া হয়, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এরপর থেকে গুলশানের ভাড়া বাসাতেই থাকছেন  ৭৭ বছর বয়সী বেগম খালেদা জিয়া।

অভিযোগ গঠন শুনানি তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর

ওদিকে,  ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদত দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

গত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত এ আদেশ দেন। এ দিন মামলা দুটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য  থাকলেও  খালেদা জিয়া অসুস্থ থাকায় তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়।

অন্যদিকে মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।