কাদের এবং ফখরুলের পাল্টাপাল্টি বক্তব্য
বিএনপি গভীর খাদের কিনারে-কাদের; আমলাতন্ত্র এখন 'আমলা লীগ' হয়ে গেছে- ফখরুল
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে।জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণনীতিই এখন বিএনপির রাজনীতি।
আজ সকালে রাজধানীর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন বিএনপি নেতারা খণ্ডিত দৃষ্টি দিয়ে দেখছে সবকিছু। তারা বাস্তবতা এখনও উপলব্ধি করতে পারছে না। তাই কর্মীদের চাঙা রাখতে নানা মুখরোচক বক্তব্য দেন, যা অন্তঃসারশূন্য। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের হাঁকডাক সীমাবদ্ধ শব্দবোমা ছাড়া আর কিছু নয়। বিএনপি নেতারা সারাদেশে সংকট দেখতে পান কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোনও সংকট দেখতে পায় না।
আমলাতন্ত্র এখন ‘আমলা লীগ’ হয়ে গেছে: মির্জা ফখরুল
ওদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকতে তারা এখন আমলাতন্ত্রকে ব্যবহার করছে। দেশের আমলাতন্ত্র এখন ‘আমলা লীগ’ হয়ে গেছে । আজ সকালে ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সবকিছু আওয়ামী লীগ দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণ করেছে এবং নিজের অস্তিত্বের স্বার্থে তথাকথিত নির্বাচন নির্বাচন খেলা করে গণতন্ত্রের একটা মুখোশ দিয়ে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে।
সভায় আরও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ প্রমুখ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।