কুমিল্লায় কুরআন অবমাননা: চলছে আ. লীগ-বিএনপির দোষারোপের রাজনীতি
https://parstoday.ir/bn/news/bangladesh-i98674-কুমিল্লায়_কুরআন_অবমাননা_চলছে_আ._লীগ_বিএনপির_দোষারোপের_রাজনীতি
বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী জেলা কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননার জের ধরে সৃষ্ট সাম্প্রদায়িক উত্তেজনার মাঝে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং বিরোধীদল বিএনপি পরস্পরকে অভিযুক্ত করে চলছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৫, ২০২১ ১৫:৫৭ Asia/Dhaka

বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী জেলা কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননার জের ধরে সৃষ্ট সাম্প্রদায়িক উত্তেজনার মাঝে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং বিরোধীদল বিএনপি পরস্পরকে অভিযুক্ত করে চলছে।

এদিকে, কুরআন অবমাননার প্রতিবাদে আজ জুম্মার নামাজের পর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, চট্টগ্রাম এবং সিলেটের বিভাগীয় নগরীতে বিক্ষোভ মিছিল করেছেণ ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরা।

ঢাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটেছে। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে। আর চট্টগ্রামে একটি পূজা মন্ডপে হামলার ঘটনা ঘটেছে।  

পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে  শনিবার চট্টগ্রামে আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, সুশীলসমাজের পক্ষ থেকে সরকারকে দায়ী করে বলা হয়েছে, দেশে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।

'বিএনপি নেতারা সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছেন'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ (শুক্রবার) সকালে নিজের সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে বিএনপিকে  অভিযুক্ত করে বলেছেন, বিএনপি আবার তাদের সেই পুরোনো রূপে ফিরে আসছে। তাঁরা নতুন করে সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছেন। 

'সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে'

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনকালে বলেছেন, দেশের রাজনৈতিক সঙ্কট থেকে জনগণের দৃষ্টি ঘুরাতে সরকার নিজেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে।

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একই রকম অভিযোগ করে সরকারকে দায়ী করেছেন।

কুমিল্লার ঘটনা ‘শেখ হা‌সিনার পরিকল্পিত’ দাবি করে বিএনপির এ নেতা বলেছেন, দেশের জনগণ, কোনো রাজনৈতিক দলই এই সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করেনি, এগুলো করেছে এই সরকার।

সরকারের পদত্যাগ দাবি

অপরদিকে, দেশের বিশিষ্ট নাগরিক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি নাগরিক প্রতিনিধিদল আজ কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিনিধিদল শহরের নানুয়া দীঘিরপাড়, দেশওয়ালী পট্টি, কাপড়িয়া পট্টি ও ঘোষগাঁও গ্রাম পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এতগুলো পুলিশের মাঝে কীভাবে এই ঘটনা ঘটে? এ ঘটনা আমাদের জন্য ন্যক্কারজনক। তিনি এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ এবং ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ইশতিয়াক আজিজ ঊলফাত ও ব্যারিস্টার সাদিয়া আরমান।

চট্টগ্রামে প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা

ওদিকে, আজ দুপুরে চট্টগ্রামের জেএমসেন হলে পূজা মণ্ডপে হামলার পর প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরপরই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে একদল মিছিলকারী নিকটবর্তী জেএমসেন হল পূজা মণ্ডপের গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তারা ঢিল ছোড়ে এবং পূজার ব্যানার ছিঁড়ে ফেলে।

এ হামলার পর ‘নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত’ প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পূজা উদযাপন পরিষদের নেতারা।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেন, “প্রতি বছর ১১টা থেকে বিসর্জনের কাজ শুরু হয়। এবার সরকারি নির্দেশনা ছিল জুম্মার নামাজের জন্য বেলা আড়াইটার পর থেকে পূজা মণ্ডপ থেকে বিসর্জনের জন্য বের হওয়ার। সেজন্য আমরা মণ্ডপে অপেক্ষা করে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছিলাম। ঠিক এ সময় আমাদের এখানে হামলা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত শনিবার চট্টগ্রামে আধাবেলা হরতালের ডাক দিয়েছেন।

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।