নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, শুভেচ্ছা জাতিসংঘের
https://parstoday.ir/bn/news/event-i141974-নিউইয়র্ক_পৌঁছেছেন_বাংলাদেশের_প্রধান_উপদেষ্টা_ড._ইউনূস_শুভেচ্ছা_জাতিসংঘের
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১১:১৮ Asia/Dhaka
  • নিউইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস, শুভেচ্ছা জাতিসংঘের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত ১০টা ১০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চপর্যায়ের আলোচনায় যোগ দেবেন। তিনি ২৭ সেপ্টেম্বর সকালে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া কয়েকটি দেশের সরকারপ্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

ড. ইউনূসকে জাতিসংঘের শুভেচ্ছা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আজ মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, 'এ বছর জাতিসংঘের সঙ্গে ৫০ বছরের সম্পর্ক উৎযাপন করছে বাংলাদেশ। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যে, আমরা আবার তরুণদের কণ্ঠস্বর শোনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি।'

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে এক সংবর্ধনার আয়োজন করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানদের উপস্থিত থাকার কথা রয়েছে।#

পার্সটুডে/জিএআর/২৪