ইরানের আহ্বান
‘জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিল করুন’
জাতিসংঘে ইহুদিবাদী ইসরাইলের সদস্যপদ বাতিল করার জন্য বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সংস্থা বা আনরোয়া নিয়ে জাতিসংঘের বৈঠকের আগে আজ (বৃহস্পতিবার) আমির সাঈদ ইরাভানি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসরাইল যে ভয়ঙ্করভাবে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে তার জবাবে দখলদার এই শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের সদস্যপদ বাতিল করতে হবে।
চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আনরোয়ার কার্যক্রম নিষিদ্ধ করেছে। অথচ সংস্থাটি কয়েক দশক ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ করে আসছিল।
আনরোয়ার বিরুদ্ধে ইসরাইলের এই জবরদস্তিমূলক পদক্ষেপের কথা তুলে ধরে আমির সাঈদ ইরাভানি বলেন- শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক ত্রাণ সরবরাহের মতো অপরিহার্য সেবা থেকে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে বঞ্চিত করার জন্য ইহুদিবাদী ইসরাইল এই সংস্থাকে নিষিদ্ধ করেছে। ইসরাইলের এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অগ্রাধিকারের ভিত্তিতে অবশ্যই আনরোয়া এবং ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার পদক্ষেপ নিতে হবে।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।