৭ অক্টোবর নিজ নাগরিকদের হত্যা করার কথা স্বীকার করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i145826-৭_অক্টোবর_নিজ_নাগরিকদের_হত্যা_করার_কথা_স্বীকার_করল_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ১৫ মাস পর একথা স্বীকার করেছে যে, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আল-আকসা তুফান অভিযানের প্রথম দিন নিজের নাগরিকদের হত্যা করেছিল।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জানুয়ারি ১১, ২০২৫ ১০:৪১ Asia/Dhaka
  • ৭ অক্টোবর নিজ নাগরিকদের হত্যা করার কথা স্বীকার করল ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ১৫ মাস পর একথা স্বীকার করেছে যে, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আল-আকসা তুফান অভিযানের প্রথম দিন নিজের নাগরিকদের হত্যা করেছিল।

ইহুদিবাদী সেনাবাহিনীর এক অভ্যন্তরীণ তদন্তের সূত্র ধরে ইসরাইলি আর্মি রেডিও গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইসরাইলি সেনারা ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার নিকটবর্তী অবৈধ ইহুদি বসতি নাহাল ওজের অধিবাসী মধ্যবয়সী নারী তমের এলিয়াজ অ্যারাভা ও তরুণ ডিকলা অ্যারাভাকে হত্যা করেছিল।

ইহুদিবাদী বাহিনীর তদন্ত রিপোর্টে বলা হয়েছে, হামাস যোদ্ধারা অ্যারাভাদের বাড়িতে প্রবেশ করে গুলি চালায়। তবে এ সময় তমের অ্যারাভা বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু পার্শ্ববর্তী বসতি কিব্বুজে পৌঁছার পর ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করে।

এছাড়া, এলিয়াজ অ্যারাভাকে একটি গাড়ির মধ্যে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। তারা দাবি করে, হামাস যোদ্ধাদের গাড়ির মধ্যে এলিয়াজকে পাওয়া গিয়েছিল।

ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের সাত দশকেরও বেশি সময়ের দমন অভিযান ও গণহত্যার প্রতিশোধ নিতে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার নিকটবর্তী ইহুদিবাদী বসতিগুলোতে আল-আকসা তুফান অভিযান চালায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ওই অভিযানে শত শত ইসরাইলি সেনাসহ এক হাজারের বেশি ইহুদিবাদী নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা প্রায় ২৫০ ইসরাইলি পণবন্দিকে ধরে গাজায় নিয়ে আসেন। পরের মাসে অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে তেল আবিবের সঙ্গে এক সপ্তাহের এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় ১০৫ পণবন্দিকে মুক্তি দেয় হামাস যাদের বেশিরভাগ ছিল বেসামরিক নারী ও শিশু। তবে বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে ধরে আনা ইসরাইলি নারী সেনাদের মুক্তি দেয়া হয়নি।

গাজায় ইসরাইলি গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত বাকি পণবন্দিদের মুক্তি দেয়া হবে না বলে হামাস ১৫ মাস আগে যে ঘোষণা দিয়েছিল এখনও তাতে অটল রয়েছে। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় গণহত্যা চালিয়ে তার পণবন্দিদের মুক্ত করতে চান যার কারণে প্রতিদিন শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিক শহীদ হচ্ছেন। সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে, ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরোক্ষ আলোচনায় অগ্রগতি হচ্ছে।#

 পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।