এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
https://parstoday.ir/bn/news/event-i157014-এবার_দেশ_গড়ার_পালা_ঐক্যবদ্ধ_থাকতে_হবে_তারেক_রহমান
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে ঐক্যের বার্তা দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সবার দায়িত্বশীল ভূমিকা চাইলেন তিনি। হবু প্রধানমন্ত্রী চাইলেন সবার সহযোগিতাও।
(last modified 2026-02-14T12:04:16+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১৭:৩২ Asia/Dhaka
  • বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে এসে ঐক্যের বার্তা দিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সবার দায়িত্বশীল ভূমিকা চাইলেন তিনি। হবু প্রধানমন্ত্রী চাইলেন সবার সহযোগিতাও।

তিনি নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফল প্রকাশের পর নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যে আজ (শনিবার) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে সংবাদ সম্মেলনে আসেন তারেক রহমান।

দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে রেখে তিনি সম্ভাব্য পরবর্তী সরকার প্রধান হিসেবে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। এরপর বিদেশি কয়েকটি দেশের সাংবাদিকদের পাশাপাশি দেশের সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। বিএনপির চেয়ারম্যান বলেছেন, এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।’ দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরও বিজয় উদ্‌যাপন বিএনপির সংযমী থাকার কথা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। নেতা–কর্মীদের তিনি সতর্ক থাকতে আহ্বান জানান।

দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ভারত, পাকিস্তান ও চীনের সাংবাদিক এই সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগটি নিয়ে বিএনপির পরবর্তী সরকারের দেশ পরিচালনার নীতি সম্পর্কে জানতে চান। জবাবে তারেক রহমান বলেন, তার সরকারের পররাষ্ট্র নীতিতে সবার আগে স্থান দেওয়া হবে বাংলাদেশের স্বার্থকে।

গত বৃহস্পতিবারে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও (চট্টগ্রাম–২, ৪) বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে ৩টি আসন।

অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।#

পার্সটুডে/জিএআর/১৪