সিটি করপোরেশনগুলোতে প্রশাসক পদে নিয়োগ পেলেন বিএনপির ৬ নেতা
-
আব্দুস সালাম, শফিকুল ইসলাম খান, নজরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম চৌধুরী, সাখাওয়াত হোসেন খান ও শওকত হোসেন সরকার।
বিএনপি ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আশ্বাস দিলেও তার মধ্যেই এ নিয়োগ সম্পন্ন হলো।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন আবদুস সালাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র ছিলেন তিনি এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। এর আগে তিনি টানা ১০ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় রাজনীতিতে তাঁর পরিবারের দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। ২০১৬ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সিলেট সিটি করপোরেশন
সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি। ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় রাজনীতিতে দায়িত্ব পালন করেছেন এবং সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন।
খুলনা সিটি করপোরেশন
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মহানগর বিএনপির দীর্ঘদিনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশনগুলোর মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছিল। এখন বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে নিজ দলের নেতাদের এসব পদে দায়িত্ব দিল।
পার্সটুডে/এমএআর/২৩