হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তার মন্তব্য
মার্কিন-ইসরায়েল আগ্রাসনের পর ইরানের শক্তি প্রদর্শন হিজবুল্লাহকে আরও শক্তিশালী করেছে
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন,ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি আগ্রাসী যুদ্ধের পর তেহরানের শক্তি প্রদর্শন প্রতিরোধ আন্দোলনকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে। একইসঙ্গে তিনি দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর কাছে কোনো ধরনের ছাড় দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।
হিজবুল্লাহর কর্মকর্তা নাওয়াফ আল-মুসাউই শনিবার আরো জোর দিয়ে বলেছেন যে, চলতি সপ্তাহে কার্যকর হওয়া বৈরুত ও তেল আবিব সরকারের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির অধীনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে যেকোনো সরাসরি বৈঠক বর্তমান লেবানিজ প্রশাসনকে এই আরব জাতির প্রতিনিধিত্ব করার বৈধতা থেকে বঞ্চিত করবে।
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়ে ইসলামাবাদে গত সপ্তাহে ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে আলোচনার পর থেকে তেহরান আলোচনায় যেকোনো অগ্রগতি এবং দ্বিতীয় দফা আলোচনা শুরুর একটি প্রধান শর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে। এটি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারকে বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি শুরু করার ঘোষণা দিতে বাধ্য করে।
শুক্রবার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেন।তবে, শনিবার সকালে ইরানের সামরিক বাহিনী ঘোষণা করে যে, যুক্তরাষ্ট্র "বারবার প্রতিশ্রুতি লঙ্ঘন" এবং "তথাকথিত অবরোধের অধীনে জলদস্যুতা ও সামুদ্রিক চুরিতে" জড়িত থাকার পর "হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে"।
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন