সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ হুমকির জেরে ইসরায়েলকে ইরানের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i160966-সর্বোচ্চ_নেতার_বিরুদ্ধে_ঔদ্ধত্যপূর্ণ_হুমকির_জেরে_ইসরায়েলকে_ইরানের_কঠোর_জবাব_দেয়ার_হুঁশিয়ারি
পার্স টুডে: জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ হুমকির পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
(last modified 2026-07-02T11:37:08+00:00 )
জুলাই ০২, ২০২৬ ১৭:০২ Asia/Dhaka
  • জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি

পার্স টুডে: জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ হুমকির পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ-এর পক্ষ থেকে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে দেয়া হুমকিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ এবং জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, সর্বোচ্চ নেতাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর প্রথম ধারার লঙ্ঘন। যুক্তরাষ্ট্র এই সমঝোতায় স্বাক্ষর করেছে এবং এর বাস্তবায়ন ও প্রতিপালন নিশ্চিত করার দায়িত্বও তাদের ওপর বর্তায়।

চিঠিতে আরও বলা হয়েছে, এ ধরনের হুমকি কেবল বাগাড়ম্বর নয়; একইসঙ্গে এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি পরিকল্পিত ও ধারাবাহিক নীতির অংশ, যার লক্ষ্য ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তারা। ইসরায়েলি শাসক-চক্র ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতায় ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং অন্যান্য উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রও করেছে এবং  মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় ও সমর্থনে সেসব করা হয়েছে বলে ইরাভানির এই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে পাঠানো ইরানের চিঠিতে আরও বলা হয়েছে, এ ধরনের হুমকির নীতি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা—বিশেষ করে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি নিষিদ্ধ করার নীতি—এবং আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিধানের গুরুতর লঙ্ঘন।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত সময়ে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা, যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। এর ফলে নারী ও শিশুসহ ৪,৮০০-রও বেশি বেসামরিক মানুষ নিহত হন। তাই সর্বশেষ হত্যার হুমকিকেও একই অবৈধ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও অপরাধমূলক আগ্রাসী নীতির ধারাবাহিকতা হিসেবে মূল্যায়ন করা উচিত।

চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে জাতিসংঘ সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় দায়মুক্তির সংস্কৃতি আরও শক্তিশালী হয়েছে এবং ইসরায়েলি শাসক-গোষ্ঠী রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক করে তুলতে আরও বেপরোয়া হয়েছে। এ ধরনের দায়মুক্তি অত্যন্ত বিপজ্জনক নজির সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই হুমকিমূলক ও লজ্জাজনক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং এ ধরনের হুমকির পর যেকোনো আগ্রাসী পদক্ষেপ বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সব পরিণতির জন্য ইসরায়েলই পুরোপুরি দায়ী বলে উল্লেখ করেছে।

ইরান এই চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলের যেকোনো ভুল হিসাব বা শত্রুতামূলক পদক্ষেপের তাৎক্ষণিক ও কঠোর জবাব দেয়া হবে এবং এর সব পরিণতির দায় পুরোপুরি ইসরায়েলের ওপরই বর্তাবে।

চিঠির আরেক অংশে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান আবারও জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকার পুনর্ব্যক্ত করছে। সশস্ত্র হামলা, শক্তি প্রয়োগের হুমকি বা যেকোনো অবৈধ শক্তি প্রয়োগের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা এবং জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ সব ব্যবস্থা গ্রহণের অধিকার ইরান সংরক্ষণ করে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে ইসলামি প্রজাতন্ত্র ইরান দৃঢ়তা ও অটল সংকল্পের সঙ্গে এই অধিকার প্রয়োগ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। #
 

পার্স টুডে/এমএএইচ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।