ইরানের সংসদ স্পিকার জানালেন
'বোমাবর্ষণের শিকার ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকারের দাবি মিথ্যা'
-
ইরানের সংসদ ইসলামি পরামর্শ পরিষদের (মাজলিস) স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্স টুডে— ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বোমাবর্ষণের শিকার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা বা আইএইএ ( International Atomic Energy Agency)-এর পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, বর্তমানে তাদের মাত্র দুটি পরমাণু স্থাপনায় প্রবেশের অধিকার রয়েছে—একটি হলো বুশেহর পরমাণু স্থাপনা এবং অন্যটি তেহরানের পরমাণু চুল্লি প্রবেশাধিকার কেবল এই দুটি স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ।
ইরানের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কলিবফ বলেন, কাতারে অনুষ্ঠিত আলোচনার সময় ইরানের ৬০০ কোটি ডলারের তহবিল মুক্ত করা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছিল যে তারা ইরানকে কোনো অর্থ দেবে না। কিন্তু কাতারের মধ্যস্থতা এবং সুইজারল্যান্ডের জুরিখ-এ অনুষ্ঠিত আলোচনার পর ইরানের সম্পদ মুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।
ইরানের প্রধান আলোচক আরও বলেন, ইসলামি বিপ্লবের (নতুন) নেতা তাঁর বার্তায় জোর দিয়ে বলেছেন যে, তিনি এবং ইরানের জনগণ সমঝোতার শর্ত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন এবং আমরাও সেই শর্তগুলো বাস্তবায়নের বিষয়টি অনুসরণ করছি। তিনি বলেন, “আমি একই সঙ্গে সংগ্রাম বা যুদ্ধ করতেও প্রস্তুত এবং কূটনীতি পরিচালনা করতেও প্রস্তুত।”
ইরানের পার্লামেন্টের স্পিকার জোর দিয়ে বলেন, “শত্রু শক্তির ভাষা ছাড়া আর কিছু বোঝে না।” তিনি আরও বলেন, “শহীদ ইমামের রক্তের প্রতিশোধ হলো পবিত্র বায়তুল মুকাদ্দাস বা Jerusalem-এর মুক্তি, এবং আমাদের শক্তি প্রয়োগ করেই শত্রুর মোকাবিলা করতে হবে।”
কলিবফ আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার বিষয়বস্তু ১৪ দফা সমঝোতা স্মারকের মধ্যেই সীমাবদ্ধ এবং যুক্তরাষ্ট্র এই ১৪ দফার সঙ্গে নতুন কোনো ধারা যোগ করতে পারবে না।
শেষে তিনি বলেন, “আজ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামি বিপ্লবের নেতার নেতৃত্বকে কেন্দ্র করে জাতীয় ঐক্য বজায় রাখা। বিলায়াতের পতাকার বাইরে আর কোনো পতাকা, আমিরুল মুমিনীনের পতাকা নয়।”#
পার্স টুডে/এমএএইচ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।