ইউরোপের জবাবদিহিতা দাবি
ন্যাটো-মহাসচিব ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ইউরোপের ‘ইচ্ছাকৃত সহযোগিতার’ গোমর ফাঁস করেছেন: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের তীব্র সমালোচনা করে বলেছেন, তাঁর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ইউরোপীয় দেশগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলোর জবাবদিহিতা দাবি করেন।
আজ (বৃহস্পতিবার) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক কঠোর বিবৃতিতে বাকায়ি, রুটের সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ন্যাটো-প্রধান কার্যত চলমান যুদ্ধে ইউরোপের অংশগ্রহণের কথা গর্বের সঙ্গে তুলে ধরেছেন। ইউরোপের নিরপেক্ষতার যেকোনো দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, রুটের এই স্বীকারোক্তি অবৈধ আগ্রাসী যুদ্ধে ইউরোপের প্রত্যক্ষ সম্পৃক্ততাকে প্রকাশ্যে এনে দিয়েছে।
বাকায়ি বলেছেন, “ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে ইউরোপের ইচ্ছাকৃত সহযোগিতার বিষয়ে মার্ক রুটের স্বীকারোক্তির পুনরাবৃত্তিগুলো আবারও প্রমাণ করে যে, এই বর্বর ও অবৈধ আগ্রাসনের সময় তারা মোটেও নিরপেক্ষ ছিল না।”
তিনি আরও বলেছেন, যেসব ইউরোপীয় দেশ এই আগ্রাসন পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি এবং অবকাঠামো ব্যবহারের সুযোগ দিয়েছে, তারা “বিনা উসকানিতে চালানো এই আগ্রাসন এবং এর ভয়াবহ পরিণতিতে নিজেদের ভূমিকার দায় এড়াতে পারে না।”
রুটের বক্তব্যকে ‘সেবাদাসমুলক মানসিকতার’ প্রকাশ বললেন বাকায়ি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্যক্তিগতভাবেও ন্যাটো মহাসচিবের সমালোচনা করেন। তাঁর দাবি, রুটের আত্মপ্রশংসামূলক বক্তব্য কোনো দূরদর্শী নেতৃত্বের পরিচয় নয়; বরং তা ওয়াশিংটনের সন্তুষ্টি অর্জনের একটি মরিয়া প্রচেষ্টা।
বাকায়ি আরও লিখেছেন, “অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত একটি আগ্রাসনের সেবক হিসেবে নিজের ভূমিকার জন্য ন্যাটো মহাসচিবের অবিরাম আত্মপ্রশংসা শক্তির প্রকাশ নয়; বরং এটি এমন এক তোষামোদকারীর মানসিকতা প্রকাশ করে, যে মনে করে চাটুকারিতা দিয়ে প্রভুর অবজ্ঞা দূর করা যায়।”
তিনি আরও বলেছেন, “ওয়াশিংটনের দৃষ্টিতে একটি অকার্যকর সংস্থাকে তোষামোদ করে কার্যকর করে তোলা সম্ভব নয়। একইভাবে, এ ধরনের কৃত্রিম প্রশংসাবাক্য কোনো চাটুকারের আত্মসম্মান বা ব্যক্তিগত সততাও ফিরিয়ে আনতে পারে না।” #
পার্স টুডে/এমএএইচ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।