পুলিশ ও বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক মদন, রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা
https://parstoday.ir/bn/news/india-i120590-পুলিশ_ও_বিরোধীদের_হুঁশিয়ারি_দিলেন_তৃণমূল_বিধায়ক_মদন_রাজনৈতিক_মহলে_তীব্র_সমালোচনা
ভারেতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক মদন মিত্র পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিজেপি,কংগ্রেস ও সিপিএমকে বদমায়েশ বলে মন্তব্য করায় বিরোধী নেতারা তীব্র সমালোচনা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka
  • তৃণমূল বিধায়ক মদন মিত্র
    তৃণমূল বিধায়ক মদন মিত্র

ভারেতের পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক মদন মিত্র পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিজেপি,কংগ্রেস ও সিপিএমকে বদমায়েশ বলে মন্তব্য করায় বিরোধী নেতারা তীব্র সমালোচনা করেছেন।

রাজ্যের সাবেক মন্ত্রী মদন মিত্র আজ(শনিবার) এক সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বলেন, ‘তিনটেই বদমায়েশ, শয়তান। একটা হল বিজেপি, একটা কংগ্রেস, আরেকটা সিপিএম। মনে রাখবেন, এই তিনটেকে বান্ডিলে প্যাক করে কীভাবে দক্ষিণেশ্বরের গঙ্গায় তর্পণ করাতে হয়, ন্যাড়া করাতে হয়, আমরা তৃণমূলরা তা জানি।’  

পুলিশকে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিয়ে তৃণমূল বিধায়ক মদন বাবু আরও বলেন,  ‘পুলিশকে বলি, আপনারা বোধহয় ভুলে যান, তৃণমূল কংগ্রেস হচ্ছে শাসকদল। ক'দিন আগে পৌরসভার সামনে ৫০টি মাইক লাগিয়ে সিপিএম মিটিং করল। আপনাদের চোখে পড়ল না! আপনারা মুখ ঘুরিয়ে উল্টোদিকে তাকিয়ে হাসছেন! সব পুলিশ নয়, পুলিশের মধ্যে চর রয়েছে। শুধু এইটুকু জেনে রাখুন, বিজেপি বাংলার বাজার গরম করলে, কী করে ঠান্ডা করতে হয়, তৃণমূলের কাছে সেই মন্ত্র রয়েছে। প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ করা হবে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, তৃণমূলের কর্মীরা জানে কী ভাবে চলতে হয়। আর আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম-বিজেপিকে আপনারা ‘বাবা’ বলে ভাবলেও, ওরা কিন্তু ‘বাবা’ নয়।’     

তার এ ধরণের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী এবং বিজেপি নেতা রাহুল সিনহা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূল দলটাকে চালাচ্ছে এখন পুলিশ। পুলিশের থানা তৃণমূল দল পরিচালনা করে। ওসি এবং বিডিওরা পুলিশকে চালায়। পুলিশ কার্যত তৃণমূল দলটাকে চালাচ্ছে। এটা না বোঝার কিছু নেই। সেটা এখন আর ঠিক পেরে উঠছে না, তৃণমূল ফেল করেছে। পুলিশ যখন ফেল করছে, তখন তৃণমূলের নেতাদের মাথাটা গরম হয়ে যাচ্ছে। তারফলে উল্টোপাল্টা বকছে।’ পুলিশকে হুমকি দিয়েছেন বলে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

অন্যদিকে, তৃণমূল নেতা শান্তনু সেন এমপি বলেছেন, ‘পুলিশের প্রতি যদি অশালীন আচরণ শিখতে হয় তাহলে বিজেপির কথা শুনতে হবে। আপনারা দেখেছেন গতকালও স্বাস্থ্য ভবন অভিযানের নামে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে তাদের  নেতা-নেত্রীরা কীভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে! তৃণমূল কংগ্রেস কখনও প্রশাসনকে প্রভাবিত করে না’  বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১১         

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।