বাঁকুড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে দলীয় কার্যালয়ে তালা বন্ধ করে রাখলেন কর্মী-সমর্থকেরাই!
https://parstoday.ir/bn/news/india-i128018-বাঁকুড়ায়_কেন্দ্রীয়_শিক্ষা_প্রতিমন্ত্রীকে_দলীয়_কার্যালয়ে_তালা_বন্ধ_করে_রাখলেন_কর্মী_সমর্থকেরাই!
ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুভাষ সরকারকে আজ তালাবন্ধ করে রাখেন নিজের দলীয় কর্মী-সমর্থকরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১৪:৪৮ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুভাষ সরকার।
    ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুভাষ সরকার।

ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুভাষ সরকারকে আজ তালাবন্ধ করে রাখেন নিজের দলীয় কর্মী-সমর্থকরা।

আজ (মঙ্গলবার) বাঁকুড়ায় বিজেপি কার্যালয়ের মধ্যে একটি ঘরে তাকে ঢুকিয়ে তালা মেরে দেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এ সময়ে তারা সুভাষের নাম করে ‘হায়-হায়’স্লোগানও দেন। বিক্ষোভরত কর্মী-সমর্থকদের সঙ্গে সুভাষ বাবুর  নিরাপত্তারক্ষীদেরও রীতিমতো ধস্তাধস্তি বেধে যায়। খবর পেয়ে দলীয় কার্যালয়ে  ছুটে আসেন বাঁকুড়ায় বিজেপির জেলা সভাপতিও। তাকে ঘিরেও স্লোগান দিতে থাকেন কর্মীরা। কমপক্ষে ঘণ্টাখানেক তালাবন্দি হয়ে থাকার পর অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে প্রতিমন্ত্রী সুভাষ বাবুকে উদ্ধার করে নিয়ে যায়। 

এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গের নারী ও শিশু সুরক্ষা দফতরের মন্ত্রী ডা.শশী পাঁজা বলেন, এটা হচ্ছে বিজেপির নিদর্শন, অরাজকতা! তাহলে আপনারা কতটা ওদের বিশ্বাস করবেন?

এদিকে, এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মন্ত্রী সুভাষ সরকারের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিজেপির জেলা সভাপতির দাবি- যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা কেউই বিজেপির সদস্য নন। তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বিজেপির দলীয় কার্যালয়ে বহিষ্কৃত সদস্যেরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন কী করে? তখন দলের বাকি সদস্যেরাই বা কী করছিলেন?

জানা গেছে, আজ বাঁকুড়ার বিজেপি পার্টি অফিসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার ঢুকতেই তাকে ঘিরে ধরেন দলীয় কর্মী-সমর্থকেরা।এর পর তাকে পার্টি অফিসেরই একটি ঘরে ঢুকিয়ে তালা মেরে দেন কর্মী-সমর্থকেরা। তার পর বন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে তারা ‘সুভাষ সরকার গো ব্যাক’, ‘সুভাষ সরকার দূর হটো’ ইত্যাদি স্লোগান দেন। তার বিরুদ্ধে কর্মীরা স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ করেছেন। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।