বিহারকে হিন্দু রাজ্য ঘোষণার দাবি বিজেপি বিধায়কের: রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i129058-বিহারকে_হিন্দু_রাজ্য_ঘোষণার_দাবি_বিজেপি_বিধায়কের_রাজনৈতিক_মহলে_প্রতিক্রিয়া
ভারতের বিহার রাজ্যকে হিন্দু রাজ্য ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল। গতকাল (শুক্রবার) তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ০৭, ২০২৩ ১৫:৪১ Asia/Dhaka
  • বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর
    বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর

ভারতের বিহার রাজ্যকে হিন্দু রাজ্য ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল। গতকাল (শুক্রবার) তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।

হরিভূষণ ঠাকুরের এ ধরণের মন্তব্যে বিহারে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আজ (শনিবার) ওই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে ‘আরজেডি’ ও ‘জেডিইউ’ দল। জেডিইউ মুখপাত্র অভিষেক ঝা বলেছেন, বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল অযৌক্তিক বক্তব্যের জন্য পরিচিত।

আরজেডি মুখপাত্র ঋষি মিশ্র বলেছেন, বিজেপি নেতাদের শিক্ষার অভাব রয়েছে। বিজেপি নেতারা শিক্ষিত নন। হরিভূষণ ঠাকুর বাচাউল, বিহার সরকার যা  পরিচালনা করেছিল তাকে জাতিগত জরিপ বলা হয়। আপনারা সব সময় জাতিশুমারি বন্ধ করার চেষ্টা করেছেন।

জেডিইউ মুখপাত্র অভিষেক ঝা বলেন, বাচাউল বা অন্য বিজেপি নেতারা তাদের বক্তব্যে প্রমাণ করছেন যে তাদের দলের আদর্শ সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংবিধানে লেখা আছে আমাদের দেশ ‘ধর্মনিরপেক্ষ রাষ্ট্র’। মুসলিম রাজ্য, মুসলিম রাষ্ট্র, হিন্দু রাজ্য,  হিন্দু রাষ্ট্রের কথা বলা উচিত নয়। জনগণ এই নেতাদের শিক্ষা দেবে।

একই সময়ে, আরজেডি মুখপাত্র ঋষি মিশ্র বলেছেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন জাতি শুমারির দাবিতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন বিহার বিজেপি সভাপতি বা আপনাদের দুই উপ-মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন না। বিজেপি তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি সম্প্রদায়ের মানুষের উন্নয়ন চায় না। বিহারকে হিন্দু রাজ্য করার দাবি না করে আপনাদের নিজেদের চিন্তা করা উচিত। 'ইন্ডিয়া' জোট সারা দেশে জাতিশুমারি করবে এবং সমাজের শেষ শ্রেণির মানুষকে ক্ষমতা দেবে।

প্রসঙ্গত, বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল বিহারকে হিন্দু রাজ্য ঘোষণা করার দাবি করেছেন। তিনি বলেন, জাতি শুমারির তথ্য অনুসারে, বিহারে ৮২ শতাংশ হিন্দু। সেজন্য বিহারের সম্পদের ওপর হিন্দুদের প্রথম অধিকার। হিন্দুদের সরকারি প্রকল্পের সর্বোচ্চ সুবিধা দিতে হবে। বিধায়ক হরিভূষণ ঠাকুর বলেন, জাতি শুমারির তথ্যে মুসলমানদের হার ১৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। তাদের জনসংখ্যা বাড়ছে। এমতাবস্থায় বিহারকে ইসলামিক রাজ্যে পরিণত করার আগেই হিন্দু রাজ্য করতে হবে। তার দাবি- বিহারের কয়েকটি জেলায় হিন্দুদের সংখ্যালঘুতে পরিণত করা হয়েছে, তাই পরিসংখ্যানে তাদের জনসংখ্যা বেশি দেখানো হয়েছে, প্রায় ১৮ শতাংশ দেখানো হয়েছে। এ নিয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচাউল।

তার এ ধরণের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, বিহারে সাম্প্রতিক জাতি শুমারির তথ্যে প্রকাশ- রাজ্যটিতে ৮১.৯৯ শতাংশ হিন্দু। অন্যদিকে, মুসলিম মাত্র ১৭.৭০ শতাংশ।    

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।