ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে মমতা ও অভিষেককে চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকির
https://parstoday.ir/bn/news/india-i131020-ডায়মন্ড_হারবার_কেন্দ্র_নিয়ে_মমতা_ও_অভিষেককে_চ্যালেঞ্জ_নওশাদ_সিদ্দিকির
ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড়ের ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২০, ২০২৩ ১০:৩৮ Asia/Dhaka
  • ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে মমতা ও অভিষেককে চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকির

ভারতের পশ্চিমবঙ্গের ভাঙড়ের ‘আইএসএফ’ বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য। আসন্ন লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে প্রার্থী হবেন ‘আইএসএফ’ নেতা ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকি। ওই ইস্যুতে তৃণমূলের শীর্ষ নেতারা কার্যত ধারাবাহিকভাবে নওশাদ সিদ্দিকিকে কটাক্ষ করছেন। 

একটি সড়ক দুর্ঘটনার মামলার পুলিশি তদন্তে গতকাল (রোববার) গড়ফা থানায় হাজিরা দিতে যান বিধায়ক নওশাদ সিদ্দিকি। হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি ধাক্কা মারার অভিযোগে তলব পেয়ে গড়ফা থানায় হাজিরা দিতে গিয়েছিলেন বিধায়ক নওশাদ। সেখান থেকে দেড় ঘণ্টা পর সন্ধ্যায় বেরোনোর সময়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনায় সোচ্চার হন তিনি।

গত ১৪ নভেম্বর ইএম বাইপাসে হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের  গাড়িতে গাড়িতে ধাক্কা মারে বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি। প্রতিবাদ করায় আইএসএফ বিধায়ক, তার গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী দুর্ব্যবহার করেন বলে হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের অভিযোগ। ৩ জনের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো ও হেনস্থার অভিযোগ হয়। গড়ফা থানার পুলিশ নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে।  

এ প্রসঙ্গে বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমি যে অভিযোগ করেছিলাম, সেই বিষয়ে পুলিশ এখনও ‘এফআইআর’ই করেনি! পুলিশ বলছে এখনও তদন্ত চলছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা। কেস টেস দিয়ে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে আটকে রাখতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমণিকে (মমতা) প্রস্তুত থাকতে বলছি, আগামী দিনে ডায়মন্ড হারবারে দেখা হবে।’  

অন্যদিকে, আজ ওই ইস্যুতে তৃণমূলের মুখপাত্র ডা.শান্তনু সেন এমপি পাল্টা কটাক্ষ করে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে বিজেপির মদদপুষ্ট, তিনি কংগ্রেস ও সিপিএমের সঙ্গে হাত  মিলিয়ে তৃনমূলের ভোট কাটার খেলায় নেমেছেন বলে মন্তব্য করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে প্রায় সাড়ে ৩ লাখ ভোটে জিতেছিলেন। ২০২৪ সালে ৫ লাখের বেশি ভোটে জিতবেন সেটা বুঝতে পেরে তিনি পালাবার পথ খুঁজছেন, সেজন্য এ ধরণের নাটক করছেন বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র ডা.শান্তনু সেন এমপি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২০