কাশ্মিরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, পাল্টা হামলায় ৪ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i39428-কাশ্মিরে_সিআরপিএফ_ক্যাম্পে_হামলা_পাল্টা_হামলায়_৪_গেরিলা_নিহত
জম্মু-কাশ্মিরের বান্দিপোরায় আজ ভোরে আধা সামরিক বাহিনী সিআরপিএফ’র ক্যাম্পে গেরিলা হামলা হয়েছে। এসময় পুলিশ ও সিআরপিএফ’র পাল্টা হামলায় ৪ গেরিলা নিহত হয়েছে। যৌথবাহিনী সিআরপিএফ’র ৪৫ ব্যাটেলিয়ানের সদর দফতরের ওই হামলাকে ব্যর্থ করে দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৫, ২০১৭ ০৮:৩২ Asia/Dhaka
  • কাশ্মিরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, পাল্টা হামলায় ৪ গেরিলা নিহত

জম্মু-কাশ্মিরের বান্দিপোরায় আজ ভোরে আধা সামরিক বাহিনী সিআরপিএফ’র ক্যাম্পে গেরিলা হামলা হয়েছে। এসময় পুলিশ ও সিআরপিএফ’র পাল্টা হামলায় ৪ গেরিলা নিহত হয়েছে। যৌথবাহিনী সিআরপিএফ’র ৪৫ ব্যাটেলিয়ানের সদর দফতরের ওই হামলাকে ব্যর্থ করে দিয়েছে।

আজ (সোমবার) হামলাকারী গেরিলারা নিহত হওয়ার পরে সিআরপিএফ জওয়ানরা ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেন।

গতবছর সেপ্টেম্বরে উরিতে সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে গেরিলা হামলায় ২০ জন জওয়ান নিহত হয়েছিলেন। সেসময় পাল্টা হামলায় ৪ গেরিলা নিহত হয়।    

গণমাধ্যমে প্রকাশ, আজ ভোর পৌনে ৪ টা নাগাদ অজ্ঞাত ওই গেরিলারা সিআরপিএফ ক্যাম্পটি আগুনে পোড়ানোর পরিকল্পনা করেছিল। এজন্য ৩ পেট্রোল বোমাও আনা হয়েছিল। এছাড়া ক্যাম্পটিতে প্রবেশ করে আত্মঘাতী হানার লক্ষ্যে ৪ টি একে-৪৭ রাইফেল, এক ইউবিজিএলসহ এক ডজনেরও বেশি গ্রেনেড এবং প্রচুর গোলাবারুদ ওই হামলায় ব্যবহার করা হয়েছিল। 

উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ৪৫ মিনিট ধরে সংঘর্ষ চলে। নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক মিনিটের মধ্যে একজন এবং পরবর্তীতে আরও ৩ গেরিলা নিহত হয়।

এদিকে, কাশ্মির পুলিশের আইজি জুলফিকার হাসান সফলভাবে গেরিলা হামলা মোকাবিলা করার জন্য সিআরপিএফ’র প্রশংসা করেছেন। তিনি বলেন, এটি একটি ভয়ানক হামলা ছিল কিন্তু জম্মু-কাশ্মির পুলিশের সঙ্গে আমাদের সতর্ক জওয়ানরা তা ব্যর্থ করে দিয়েছে।

মাত্র দু’দিন আগে অনন্তনাগ জেলার কাজিগুন্ডে গেরিলারা সেনাবাহিনীর কনভয়ে গুলি চালালে ২ জওয়ান নিহত এবং ৪ জন আহত হয়। #

পার্সটুডে/এমএএইচ/এআর/৫