জম্মু-কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ: সংঘর্ষে ১ সেনা, ২ গেরিলা নিহত
জম্মু-কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করতে গিয়ে সেনাবাহিনীর এক জওয়ান এবং দুই গেরিলা নিহত হয়েছে। এছাড়া সেনাবাহিনীর দুই জওয়ান আহত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) পাকিস্তান সীমান্ত লাগোয়া উরি এবং নওগাম সেক্টরে গেরিলারা অনুপ্রবেশের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ওই হতাহতের ঘটনা ঘটে।
আজ নিয়ন্ত্রণ রেখা বরাবর উরিতে ৫/৬ জন গেরিলা অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করে তা প্রতিহত করে। এ নিয়ে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের দিক থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর তিন বার বড় ধরণের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল নিরাপত্তা বাহিনী।
অন্যদিকে, আজ পামপোর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পামপোরে পুলিশি স্বেচ্ছাচারিতার অভিযোগে বনধ পালন করা হচ্ছে।
এছাড়া আগামীকাল (শুক্রবার) হুররিয়াত নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক এবং জেকেএলএফ প্রধান মুহাম্মদ ইয়াসিন মালিকের পক্ষ থেকে কাশ্মির বনধসহ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
গতকাল বুধবার সোপিয়ানে পাথরবাজি চলার সময় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উল্টে গেলে ১২ সিআরপিএফ জওয়ান আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসার পরে ছেড়ে দেয়া হয়েছে।
অন্যদিকে, আজ সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত কাশ্মির পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেন। তার দাবি, পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে যুবকদের উসকানি দেয়া হচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৮