কাশ্মিরে বনধে জনজীবন বিপর্যস্ত, হুররিয়াত নেতারা গৃহবন্দি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে আজ হুররিয়াত নেতাদের ডাকে সর্বাত্মক বনধ পালিত হচ্ছে। বনধের ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আজ (শুক্রবার) শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদের সমস্ত গেট বন্ধ রাখা হয় এবং সেখানে যাওয়ার সমস্ত সড়ক ‘সিল’ করে দেয়া হয়। এছাড়া, হুররিয়াত নেতাদের গৃহবন্দি করা হয়েছে।
আজ জুমা নামাজ শেষে পুলওয়ামাতে তরুণ প্রতিবাদকারীদের বিক্ষোভ থামাতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। তরুণরা ভারত বিরোধী স্লোগান দেয়াসহ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
উত্তর কাশ্মিরের সোপিয়ানে আজ একটানা তৃতীয় দিন ধর্মঘট পালিত হচ্ছে। সেখানকার হাসপাতাল রোড, গোলচক, পুরোনো বাস স্ট্যান্ড, বন বাজার, সিরমাল প্রভৃতি এলাকায় পুলিশ, স্পেশাল অপারেশান গ্রুপ এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ওইসকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকানপাট এবং সড়কে যানচলাচল বন্ধ হয়েছে।
সোপিয়ানে নিরাপত্তা বাহিনী গেরিলাদের সন্ধানে অভিযান চালানোর সময় গত মঙ্গলবার সেখানে আদিল ফারুক নামে এক কলেজছাত্র নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে আজ হুররিয়াত নেতারা সাধারণ ধর্মঘটের ডাক দেন।
আজ (শুক্রবার) প্রতিবাদ আন্দোলনের আশঙ্কায় সেখানকার স্কুল, কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, বারামুল্লা এবং বানিহালের মধ্যে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ ৩ জি এবং ৪ জি মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করাসহ ল্যান্ডলাইনে ব্রডব্যান্ড সুবিধা হ্রাস করেছে।
হুররিয়াত চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানী এবং মীরওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে। আজই জুমা নামাজ শেষে লালচক থেকে জেকেএলএফ প্রধান মুহাম্মদ ইয়াসিন মালিকের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করার কথা ছিল। কিন্তু গ্রেফতারের আশঙ্কায় গতকাল সন্ধ্যা থেকে তিনি আত্মগোপন করেছেন।
আজ সহিংসতার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে জেলা সদর ইসলামাবাদ, সোপিয়ান, পুলওয়ামা, কুলগাম, বারামুল্লা, বডগাম, গান্দেরবাল, বান্দিপোরা এবং কুপওয়াড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এছাড়া খানইয়ার, এম আর গঞ্জ, সাফাকদল, রৈনাবাড়ি, ক্রালখুদ, নৌহাট্টা ও মৈসুমা থানা এলাকায় বিধিনিসেধ আরোপ করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯