রোহিত-কোহলির দাপুটে ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
https://parstoday.ir/bn/news/india-i40260-রোহিত_কোহলির_দাপুটে_ব্যাটিংয়ে_স্বপ্নভঙ্গ_বাংলাদেশের
চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৯ উইকেটে হেরে থেমে গেল বাংলাদেশের স্বপ্নযাত্রা। ভারত জয় পেয়েছে ৪০.১ ওভারেই।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৫, ২০১৭ ১৮:৪০ Asia/Dhaka
  • রোহিত-কোহলির দাপুটে ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৯ উইকেটে হেরে থেমে গেল বাংলাদেশের স্বপ্নযাত্রা। ভারত জয় পেয়েছে ৪০.১ ওভারেই।

বৃহস্পতিবার এজবাস্টনে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার শতক, বিরাট কোহলির ৯৬ ও শিখর ধাওয়ানের ৪৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে ভারত।

উদ্বোধনী জুটিতে ৮৭ রান যোগ করে ভারতকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন দুই ওপেনার ধাওয়ান ও রোহিত। ১৫তম ওভারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাজঘরে ফিরিয়েছেন ধাওয়ানকে। ৩৪ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন দারুণ ফর্মে থাকা শিখর ধাওয়ান। তবে তাতেও স্বস্তি মেলেনি বাংলাদেশের বোলারদের। দ্বিতীয় উইকেটে ১৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রোহিত ও অধিনায়ক কোহলি। ১২৩ রান করে অপরাজিত ছিলেন রোহিত। মাত্র চার রানের জন্য শতক পাননি কোহলি। অপরাজিত ছিলেন ৯৬ রান করে।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। সাত ওভারের মধ্যে ৩১ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন সৌম্য সরকার (০) ও সাব্বির রহমান (১৯)। তৃতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়ে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন তামিম (৭০) ও মুশফিক (৬১)। কিন্তু ২৮তম ওভারে এই জুটি ভাঙার পর বাংলাদেশ আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। শেষ ২০ ওভারে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।

৩৫ থেকে ৪৫ এই ১০ ওভারের মধ্যে বাংলাদেশ হারিয়েছে চারটি উইকেট। ১৫ রানের ছোট দুটি ইনিংস এসেছে সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। ২১ রান করেছেন মাহমুদউল্লাহ। শেষপর্যায়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৩০ ও তাসকিন আহমেদের ১১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২৬৪ রান।

ভারতের হয়ে বুমরাহ, ভুবনেশ্বর ও কেদার যাদব ২টি করে উইকেট নেন। ভারতের হয়ে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা রোববার ওভালে ট্রফি জয়ের লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।#

পার্সটুডে/এআর/১৫