কাশ্মিরে রাতভর বন্দুক যুদ্ধে ৩ গেরিলা নিহত, অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার
https://parstoday.ir/bn/news/india-i40676-কাশ্মিরে_রাতভর_বন্দুক_যুদ্ধে_৩_গেরিলা_নিহত_অস্ত্র_ও_গোলা_বারুদ_উদ্ধার
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ই তাইয়্যেবার ৩ গেরিলা নিহত হয়েছে। ওই ঘটনায় কার্তিক মঞ্জাল নামে সেনাবাহিনীর এক মেজর আহত হয়েছেন। সারিক, মজিদ এবং সাবির নামে নিহত ওই গেরিলারা কাশ্মিরের পুলওয়ামা জেলার বাসিন্দা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৭ ১০:৩৭ Asia/Dhaka
  • কাশ্মিরে ৩ গেরিলা নিহত
    কাশ্মিরে ৩ গেরিলা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ই তাইয়্যেবার ৩ গেরিলা নিহত হয়েছে। ওই ঘটনায় কার্তিক মঞ্জাল নামে সেনাবাহিনীর এক মেজর আহত হয়েছেন। সারিক, মজিদ এবং সাবির নামে নিহত ওই গেরিলারা কাশ্মিরের পুলওয়ামা জেলার বাসিন্দা।

গতকাল (বুধবার) দিবাগত রাতভর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।  আজ (বৃহস্পতিবার) ওই গেরিলারা নিহত হয়। এনিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ গেরিলা নিহত হওয়ার ঘটনা ঘটল।

পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় ওই সংঘর্ষের পর নিহত গেরিলাদের কাছ থেকে ৩ টি একে-৪৭ রাইফেলসহ প্রচুর গোলা-বারুদ উদ্ধার হয়েছে।

পুলওয়ামার কাকাপোরায় নিউ কলোনি এলাকায় বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মসজিদ থেকে ৩ গেরিলাকে বেরোতে দেখে নিরাপত্তা বাহিনী। এরপর সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং সিআরপিএফ জওয়ানরা তাদের ঘিরে ফেলা শুরু করে।

ওই ঘটনায় স্থানীয় মসজিদ থেকে ঘোষণার পরে মানুষজন বাইরে বেরিয়ে এসে স্লোগান দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। এ সময় গেরিলারা ঘেরাও অতিক্রম করে পালিয়ে যেতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। জওয়ানরা পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় মানুষজন নিরাপত্তা বাহিনীর ওই অভিযানে পাথর ছুঁড়ে বাধা দেয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীকে বলপ্রয়োগ করতে হয়। গতকাল বুধবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ই তাইয়্যেবার ২ গেরিলা নিহত হয়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২২