কাশ্মির সীমান্তে পাক সেনাদের মর্টার হামলা, শ্রীনগরে সংঘর্ষ- ২ গেরিলা নিহত
-
ভারত নিয়ন্ত্রিত কাস্মির সীমান্তে সেনা-গেরিলা সংঘর্ষ-২ গেরিলা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী আজ যুদ্ধবিরতি লঙ্ঘন করে মর্টার হামলা চালিয়েছে। আজ (রোববার) সকালে নিয়ন্ত্রণরেখা বরাবর নৌসেরা সেক্টরে পাক সেনারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে এবং মর্টার হামলা চালায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল মনীশ মেহতা বলেছেন, ভারতীয় সেনাবাহিনী জোরালো এবং কার্যকরভাবে পাকিস্তানের হামলার জবাব দিয়েছে।
পাকিস্তানি সেনারা গতকাল শনিবারও জম্মুর পুঞ্চের কর্নি এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে আজ গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তান জম্মু-কাশ্মিরে সহিংসতা বৃদ্ধির লক্ষ্যে সশস্ত্র সন্ত্রাসীদের পাঠাতে চাচ্ছে। সীমান্তের ওপারে ১০০-র বেশি লস্কর ই তাইয়্যেবা এবং জৈশ সন্ত্রাসীরা অপেক্ষায় রয়েছে। এজন্য সীমান্তে কভার ফায়ার চালানো হচ্ছে।
পাকিস্তানি সেনাবাহিনী সম্প্রতি পুঞ্চের খারি কারমারা এয়াকায় নিয়ন্ত্রণরেখায় ব্যাট অপারেশন চালায়। এতে ভারতীয় ২ সেনা জওয়ান নিহত হয়। গোয়েন্দা সূত্রের দাবি, পাকিস্তান ওই ব্যাট অপারেশনে বিশেষ সার্ভিস কমান্ডোকেও ব্যবহার করেছে।
অন্যদিকে, আজ ভোর পৌনে চারটা নাগাদ শ্রীনগরের পান্থা চকে গেরিলা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে সেনাবাহিনীর ২ জওয়ান আহত হয়েছে। উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শেষে আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ ২ গেরিলা নিহত হয়েছে।
আজ সকালে জম্মু-কাশ্মির পুলিশের মহানির্দেশক এস পি বেদ বলেছিলেন, ডিপিএস ভবন থেকে স্টাফ এবং অন্যদের বের করে আনা হয়েছে। খুব শিগগিরি সন্ত্রাসীদের নির্মূল করা হবে।
সিআরপিএফের আইজি রবিদীপ সাহি বলেন, সন্ত্রাসীরা শনিবার সন্ধ্যা পৌনে ৬ টা নাগাদ সিআরপিএফের টহলদারি দলের উপরে হামলা চালায়। দু’জন সন্ত্রাসী দিল্লি পাবলিক স্কুলের (ডিপিএস) দিক থেকে এসে সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এদিনই শ্রীনগরের পান্থচকে সিআরপিএফের গাড়িতে গেরিলারা হামলা চালালে সাহিব শুক্লা নামে সিআারপিএফের এক কর্মকর্তা নিহত এবং তার গাড়ির চালক কনস্টেবল নিসার আহমেদ আহত হন।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৫