ভারতে অন্য দেশের তুলনায় করোনায় মৃত্যুর হার কম: মোদির দাবি
-
নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্য দেশের তুলনায় এ দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কী বাত’ (মনের কথা) অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
তিনি বলেন, করোনাভাইরাসের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গরীব ও শ্রমিকরা। আত্মনির্ভর ভারত অভিযান এই দশকে আমাদের দেশকে শীর্ষে পৌঁছে দেবে। করোনাজনিত লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিক, গরীব মানুষদের অসুবিধা হয়েছে। তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় খুব সতর্ক থাকতে হবে সবাইকে। লকডাউনে ছাড় মিললেও মনে রাখতে হবে, আমরা যেন বেপরোয়া না হয়ে যাই, সতর্কতা বজায় রাখতে হবে। কন্টেইনমেন্ট জোন ছাড়া লকডাউন শিথিল প্রক্রিয়া শুরুর পথে। অর্থনৈতিক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে। হাত ধোয়া, মাস্ক ব্যবহার করতে হবে এবং ২ গজ দূরত্বের বিধি অবশ্যই মেনে চলতে হবে। যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকতে হবে।’
তিনি বলেন, গ্রামে কাজের সুযোগ তৈরির জন্য কাজ করবে সরকার। গ্রামগুলোকে যতটা সম্ভব স্বয়ংসম্পূর্ণ করে তোলা হবে। জোর দেওয়া হবে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির ওপরে।
প্রধানমন্ত্রী বলেন, ‘লাখ লাখ পরিযায়ী শ্রমিক ঘরে ফিরে গেছেন। এখন তাদের হাতে কাজ নেই। এজন্য দায়ী করোনা সংক্রমণ। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে এলাকার উৎপাদনে জোর দিতে হবে।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। এতে দেশের প্রত্যেক মানুষ উপকৃত হবেন। দেশের মানুষের লড়াই করার বিভিন্ন পদ্ধতি করোনার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে শক্তির জোগান দিয়েছে।’ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা সংক্রমণের গতি অনেক কম বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএইচ/এআর/এআর/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।