ভারতে প্রায় ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত, পশ্চিমবঙ্গে ২৪ চিকিৎসকের মৃত্যু
ভারতে মারণভাইরাস করোনায় ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন আক্রান্ত এবং ৪৯ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী- দেশে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৪৯০টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯৪৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত ১৮ লাখ ৬২ হাজার ২৫৮ জন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৪৪৪ জন।
করোনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, গুজরাট, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।
করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, গুজরাট প্রভৃতি রাজ্য।

এদিকে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত করোনায় ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের রাজ্য শাখা ওই তথ্য প্রকাশ করেছে। মৃত চিকিৎসকদের ‘কোভিড শহীদ’ অ্যাখ্যা দেওয়া হয়েছে। মৃত চিকিৎসকের ৭০ শতাংশের বেশির বয়সই ষাট বছরের উপরে। এখানে পেশাগত দিক থেকে জেনারেল ফিজিশিয়ানদের সংখ্যা বেশি। এরপরেই রয়েছেন চক্ষু চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞরা। জেনারেল সার্জেন, গাইনোকোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন, ফরেনসিক, রেডিওথেরাপি প্রভৃতি শাখা চিকিৎসকরাও রয়েছেন ওই তালিকায়।
পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৪৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ রোববার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৭। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ৭৪ টি নয়াসংক্রমণ এবং একইসময়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সুস্থতার হার ভালো হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২১৯।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।