মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজারে ইফতারের বিশাল আয়োজন
https://parstoday.ir/bn/news/iran-i12274-মাশহাদে_ইমাম_রেজা_(আ.)_এর_মাজারে_ইফতারের_বিশাল_আয়োজন
প্রতিবছর রমজান মাসে ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গনে ১২ হাজার রোজাদারের একসঙ্গে ইফতারের আয়োজন করা হয়। বিশাল এ আয়োজনের জন্য প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৭, ২০১৬ ১০:২১ Asia/Dhaka

প্রতিবছর রমজান মাসে ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গনে ১২ হাজার রোজাদারের একসঙ্গে ইফতারের আয়োজন করা হয়। বিশাল এ আয়োজনের জন্য প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব।

ইরানের প্রেসটিভির প্রতিবেদনের বরাত দিয়ে সময় টিভি জানিয়েছে, রোজাদাররা যেন সবচেয়ে ভালো খাবার দিয়ে ইফতার করতে পারেন সে বিষয়ে রাখা হয় কড়া নজরদারি। খেজুর, আখরোট, মধু, কলা, সবজি, রুটি, পনির, ফলমূল, জুস, দুধ, টি-ব্যাগ-সহ বিভিন্ন খাবার দিয়ে সাজানো হয় ইফতারের প্যাকেট।

ইফতার প্রস্তুতকারীদের একজন জানান, ‘ইমাম রেজার মাজারে আসা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আমরা নিজের খুশিতেই এ কাজ করছি। আমাদেরকে এখানে ইফতারের জন্য এরকম ১২ হাজার বক্স প্যাঁক করতে হবে।’

এখানেই শেষ নয়, রয়েছে আরও ইফতারের আয়োজন উন্নতমানের চার টনের বেশি চাল ও সাড়ে তিন টন তাজা গোশত প্রতি রাতের খাবারের আয়োজনে রাখা হয়। আর এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেয় চার শতাধিক স্বেচ্ছাসেবক। তাদের কাছে এখানে কাজ কড়া সম্মানজনক বলে মনে করেন তারা।

সূর্যোদয় থেকে ইফতারের আগ পর্যন্ত প্রতিদিন ১২ হাজার রোজাদারের জন্য চলে এই আয়োজন। আর এই খাবার পরিবেশনের আগে রোজার প্রতিটা দিন বিশেষ মোনাজাত করা হয়। মাজার প্রাঙ্গণে ১৬ হাজার বর্গমিটার এলাকায় বিছানো হয় গালিচা। যেখানে নারী ও পুরুষদের জন্য রাখা হয় আলাদা বসার স্থান।

আয়োজকদের আরেকজন বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমরা এই বিশাল পরিসরে এই ইফতার আয়োজন করে আসছি। আর তা সম্ভব হচ্ছে স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে।’

Image Caption

ইফতারকারীদের জন্য প্রথমেই আসে পানি এবং স্যুপ। আর মাগরিবের আজানের আগেই আসতে থাকেন হাজার হাজার অতিথি। শুধু ইরান নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে ইফতার করতে আসেন বহু মানুষ। পুরো রমজান মাসজুড়ে এই পবিত্র স্থানে ২৫ লাখেরও বেশি রোজাদার এখানে ইফতার করেন। # 

পার্সটুডে/এআর/১৭