আমরা এবার হামলাকারীদের তেল স্থাপনাগুলোকে গুড়িয়ে দেব: ইরানের ভাইস প্রেসিডেন্ট
-
ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইসফাহানি
পার্সটুডে- ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইসফাহানি এক সমাবেশে ঘোষণা করেন যে, তিনি জ্বালানি স্থিতিশীলতা বজায় রাখতে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং সতর্ক করে দেন যে, যেকোনো সম্ভাব্য হামলার জবাবে আমাদের দেশের প্রতিক্রিয়া ‘চোখের বদলে চোখ’ নীতির চেয়েও কঠোর হবে।
মেহরকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন: “জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিষেবার স্থিতিশীলতা নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের কথা উল্লেখ করে প্রতিরক্ষা কৌশলও ব্যাখ্যা করেন।
প্রথম পদক্ষেপে ‘চোখের বদলে চোখ’ কৌশল ব্যবহার করা হয়েছে উল্লেখ করে জনাব সাকাব ইসফাহানি সতর্ক করে বলেন: “শত্রু যদি আরেকটি ভুল করে, তবে আমাদের কৌশল হবে ‘চোখের বদলে চোখ’। আমাদের কোনো তেলকূপে আঘাত হানা হলে, যে দেশের মাটি থেকে আমাদের ওপর হামলা করা হবে, সেই দেশের কোনো একটি তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করা হবে।”
একই সাথে, তিনি জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং দেশের সামরিক শক্তির কথা উল্লেখ করে বলেন: "আমরা ট্রাম্পের বাগাড়ম্বরে ভীত নই, প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।" ভাষণের অন্য অংশে, ইরানের এই কর্মকর্তা সাম্প্রতিক আলোচনার কথা উল্লেখ করে বলেন: "আমাদের দেশের আলোচক দল জাতীয় স্বার্থ রক্ষার জন্য সাহসিকতার সাথে আলোচনার টেবিলে শত্রুর কলার চেপে ধরেছে।" শত্রুর "বিভাজন" সৃষ্টির প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বর্তমান পরিস্থিতিতে "সামাজিক সম্প্রীতি ও সংহতি"-কে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হিসেবে উল্লেখ করেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন