ইরানের অনুমতিতে হরমুজ প্রণালী অতিক্রম করল ৩০ জাহাজ
পার্সটুডে— ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট ঘোষণা করেছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ৩০টি বাণিজ্যিক জাহাজ ইসলামি প্রজাতন্ত্র ইরানের অনুমতি এবং আইআরজিসি নৌবাহিনীর সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী অতিক্রম করেছে
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আইআরজিসির নৌবাহিনী কিছু ছবি প্রকাশ করে হরমুজ প্রণালীর নতুন সীমা নির্ধারণ করেছিল। ওই ছবিগুলো অনুযায়ী, নতুন সীমার দক্ষিণ অংশে রয়েছে ইরানের কুহে মোবারক ও ফুজাইরাহ-এর দক্ষিণাঞ্চলের মধ্যবর্তী রেখা এবং পশ্চিম অংশে রয়েছে ইরানের কেশম দ্বীপ-এর শেষ প্রান্ত ও উম্ম আল-কুয়াইন-এর মধ্যবর্তী রেখা।
আইআরজিসির নৌবাহিনীর ঘোষণায় বলা হয়েছে, হরমুজ প্রণালীর ঝুঁকিপূর্ণ এলাকা সম্প্রসারিত হয়েছে এবং এখন এটি প্রণালীর শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত। তবে এই ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আইআরজিসি নৌবাহিনী ঘোষিত নিরাপদ পথ ও করিডরগুলো অন্তর্ভুক্ত নয়। জাহাজ ও নৌযানগুলোকে অনুমতি নেওয়ার পর শুধুমাত্র এসব নিরাপদ করিডর দিয়েই চলাচল করতে হবে।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।