ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র উৎসবে স্থান পেল ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাবুদি’
-
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাবুদি’র একটি দৃশ্য
ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাবুদি’ (Bruise) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহাম্মদ মাহদি রেজওয়ানি।
মেহের নিউজ এজেন্সির বরাতে পার্সটুডের খবরে বলা হয়েছে, সাজ্জাদ আসাদির প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্ক শহরে অনুষ্ঠিত বারব্যাঙ্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Burbank International Film Festival)-এ স্থান পেয়েছে।
চলচ্চিত্রটির গল্প যুদ্ধ-পরবর্তী সময়ে এমন শিশুদের নিয়ে, যারা নিজেদের জীবনের ক্ষত ও কষ্টের সঙ্গে বেঁচে থাকে।
উৎসবের ১৮তম আসরে আগামী ২ থেকে ৮ আগস্ট (১১ থেকে ১৭ মোরদাদ) ছবিটি প্রদর্শিত হবে।
বারব্যাঙ্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যুক্তরাষ্ট্রের স্বাধীন চলচ্চিত্র জগতের একটি পরিচিত আয়োজন। ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্ক শহরে প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হয়।
এই উৎসবের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং নতুন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।#
পার্সটুডে/এমএআর/৩০