গারিবাবাদি: যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবি আলোচনায় বারবার প্রত্যাখ্যান করা হয়েছে
-
গারিবাবাদি
পার্সটুডে – ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী বলেছেন, ইসলামাবাদে আলোচনাযর সময় যুক্তরাষ্ট্র এমন একটি প্রস্তাব দেয়, যাতে অতিরিক্ত ও অগ্রহণযোগ্য দাবি অন্তর্ভুক্ত ছিল। ইরানি প্রতিনিধিদল তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ তুলে জানান, ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছিল এবং মার্কিন পক্ষ এমন একটি প্রস্তাব উপস্থাপন করে, যাতে চরমপন্থী ও অতিরিক্ত দাবি ছিল। ইরানি প্রতিনিধিদল সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে।
তিনি আরও বলেন, মার্কিন পক্ষ জানায়, এই প্রস্তাব গ্রহণ না করলে আলোচনাকে ব্যর্থ বলে গণ্য করা হবে এবং তারা ফিরে যাবে। শেষ পর্যন্ত ঠিক তাই ঘটে এবং মার্কিন প্রতিনিধিদল আলোচনা ত্যাগ করে।
গারিবাবাদি জোর দিয়ে বলেন, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে ইরানি প্রতিনিধিদলের পক্ষ থেকে কোনো ধরনের অনুরোধ বা অনুনয় করা হয়নি। এটি ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের মর্যাদাপূর্ণ কূটনীতির একটি উদাহরণ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপমন্ত্রী হরমুজ প্রণালি-সংক্রান্ত পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এবং প্রায় দুই সপ্তাহ আগে ইসলামী প্রজাতন্ত্র ইরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করার পর ওমানে আলোচনা অনুষ্ঠিত হয়।
তিনি জানান, অপর পক্ষের জোরালো দাবি ছিল—জাহাজ চলাচলের জন্য যে দক্ষিণাঞ্চলীয় পথ খোলা রাখা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যকার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত সেটি খোলা রাখা হোক এবং পরে বন্ধ করা হোক। তবে ইরানি প্রতিনিধিদল এই প্রস্তাব গ্রহণ করেনি।
তিনি বলেন, ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, আলোচনার ফলাফল যাই হোক না কেন, যুদ্ধের শুরু থেকেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতি নির্ধারিত রয়েছে এবং এ ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।#
পার্সটুডে/এস এ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।