শক্তিশালী ইরানের পূর্বশর্ত হলো নেতৃত্বকে কেন্দ্র করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা: কলিবফ
-
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে: ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, শক্তিশালী ইরান গড়তে হলে প্রথমেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
সরকারি সম্প্রচার বিভাগের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কলিবফ "শক্তিশালী ইরান" বিষয়টির ওপর গুরুত্বারোপ করে বলেন, “আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে শক্তিশালী করা। আগের যেকোনো সময়ের তুলনায় এখন আমরা এর প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভব করছি। গত চার থেকে পাঁচ বছর বিশেষ করে কাসেম সোলাইমানির শাহাদাতের পরবর্তী সময়ের দিকে তাকালে দেখা যায়, আমাদের শহীদ নেতা সবসময় ‘শক্তিশালী ইরান’-এর ওপর জোর দিয়েছেন।”
তিনি আরও বলেন, “ইসলামি বিপ্লবের দ্বিতীয় ধাপে, সর্বোচ্চ নেতার নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানকে শক্তিশালী করা। এই শক্তি অর্জনের অন্যতম শর্ত হলো নেতৃত্বকে কেন্দ্র করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। প্রথমত, আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদের উচিত ‘ভেলায়াতে ফকিহ’-এর কার্যকর বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। যদি আমরা একটি শক্তিশালী ইরান চাই, তাহলে এখান থেকেই যাত্রা শুরু করতে হবে- যাতে প্রতিটি ইরানি শক্তিশালী হয়, প্রতিটি পরিবার শক্তিশালী হয়, জাতি শক্তিশালী হয় এবং শেষ পর্যন্ত ইসলামি বিপ্লব ও প্রিয় ইরান আরও শক্তিশালী হয়ে ওঠে।”
যুদ্ধে অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে
সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে কলিবফ বলেন, “যুদ্ধে অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে। এর জন্য দেশের মানুষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে আশা থাকতে হবে, একটি উজ্জ্বল ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং জাতীয় সংহতি ও ঐক্য গড়ে তুলে তা বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, সামরিক, কূটনৈতিক, জনসেবা এবং জনগণের অংশগ্রহণ—এই চারটি ক্ষেত্র পরস্পরের পরিপূরক। এগুলোকে সমন্বিত ও ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করতে হবে।#
পার্সটুডে/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।