পেজেশকিয়ান: জনগণের ঐক্যই শত্রুর সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i161968-পেজেশকিয়ান_জনগণের_ঐক্যই_শত্রুর_সব_ষড়যন্ত্র_ব্যর্থ_করে_দিয়েছে
পার্সটুডে – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জনগণের ব্যাপক ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতাই ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।
(last modified 2026-08-06T11:59:05+00:00 )
আগস্ট ০৬, ২০২৬ ১৫:১৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জনগণের ব্যাপক ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতাই ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।

ইরনা বার্তা সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পেজেশকিয়ান সাম্প্রতিক ঘটনাবলি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়া, ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে শত্রুরা দ্রুত ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল। এরপর বিভিন্ন সামরিক ও রাজনৈতিক চাপ আরও বাড়ানো হয়। তবে সরকার ও জনগণ একসঙ্গে থাকলে কোনো শক্তিই ইরানকে দুর্বল করতে পারবে না। পেজেশকিয়ান আরও বলেন, জনগণকে অসন্তুষ্ট করে বিক্ষোভের দিকে ঠেলে দেওয়াই ছিল শত্রুদের অন্যতম লক্ষ্য। কিন্তু ইরানের জনগণ ধৈর্যশীল ও সচেতন; তারা দেশের ভবিষ্যৎ ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে পাশে রয়েছে।

তিনি মানবাধিকার প্রসঙ্গেও বলেন, বেসামরিক মানুষ ও শিশুদের ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই এবং এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক জনমতেও নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি তিনি দাবি করেন, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, বিজ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানানোও ইরানের বিরুদ্ধে পরিচালিত চাপের অংশ।

পেজেশকিয়ান উত্তেজনা মোকাবিলায় দেশের সর্বোচ্চ নেতৃত্বের সমর্থনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর দৃষ্টিতে আয়াতুল্লাহ মুজতবা খামেনেয়ি নৈতিকতা, যুক্তিবোধ ও বিনয়ের দিক থেকে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে আলোচনার অভিজ্ঞতায় তিনি সবসময় আন্তরিকতা, সদাচরণ ও যুক্তিনির্ভর আচরণ দেখেছেন।#

 

পার্সটুডে/এমবিএ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।