ইরানের অবস্থানে কোনো পরিবর্তন নেই: যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয়তার দাবি নাকচ করলেন আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i163494-ইরানের_অবস্থানে_কোনো_পরিবর্তন_নেই_যুক্তরাষ্ট্রের_প্রতি_নমনীয়তার_দাবি_নাকচ_করলেন_আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও পরমাণু ইস্যুতে ইরানের নমনীয় অবস্থান নিয়ে কয়েকটি বিদেশি গণমাধ্যমের প্রকাশিত দাবি নাকচ করে বলেছেন, এসব দাবির কোনো সত্যতা নেই।
(last modified 2026-09-29T08:55:22+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:৫১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন।
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সাংবাদিকের সঙ্গে কথা বলছেন।

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও পরমাণু ইস্যুতে ইরানের নমনীয় অবস্থান নিয়ে কয়েকটি বিদেশি গণমাধ্যমের প্রকাশিত দাবি নাকচ করে বলেছেন, এসব দাবির কোনো সত্যতা নেই।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ত্যাগের আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি—এ কথা আমি দৃঢ়ভাবে বলতে পারি। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্তসহ অন্যান্য বিষয়েও ইরানের অবস্থান স্পষ্ট। বর্তমানে কোনো ধরনের নমনীয়তা দেখানো হয়নি এবং ইরানের প্রস্তাবের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট এবং আলোচনার বিষয় শুধু হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী খুলে দেওয়া নির্ভর করছে একাধিক শর্ত পূরণের ওপর, যা আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানিয়ে দিয়েছি।” তিনি বিদেশি কিছু গণমাধ্যমের ইচ্ছাকৃত জল্পনা ও বিভ্রান্তিকর প্রচারণায় গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান।

নিউইয়র্কে কাতারের এক মধ্যস্থতাকারীর সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গে আরাকচি বলেন, বৈঠকে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মঙ্গলবারের মধ্যে ওই মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়া যাবে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবও মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।#
 

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।