যেকোনো হুমকির জবাব দিতে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত ইরানি সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i164030-যেকোনো_হুমকির_জবাব_দিতে_ট্রিগারে_আঙুল_রেখে_প্রস্তুত_ইরানি_সেনাবাহিনী
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নির্বাহী উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ বলেছেন, সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করা হয়েছে। যেকোনো হুমকির জবাব দিতে সেনাবাহিনী এখন ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-10-18T13:50:13+00:00 )
অক্টোবর ১৮, ২০২৬ ১৫:৪৩ Asia/Dhaka
  • আলী রেজা শেখ
    আলী রেজা শেখ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নির্বাহী উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ বলেছেন, সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করা হয়েছে। যেকোনো হুমকির জবাব দিতে সেনাবাহিনী এখন ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘সব বোমার জননী’ ব্যবহারের শত্রুপক্ষের হুমকির প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বোমার জনক হলো ইরানের জনগণ। ইরানের জনগণ শত্রুর চিন্তাভাবনা, মনস্তত্ত্ব, দৃষ্টিভঙ্গি ও কৌশলের ওপর শত্রুর ধারণার চেয়েও বেশি ধ্বংসাত্মক প্রভাব ফেলতে সক্ষম।"

তিনি আরও বলেন, শত্রুর বাড়াবাড়ি ও অতিরিক্ত দাবির যথাযথ জবাব ইরানের জনগণই দেবে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আলিরেজা শেখ আরও বলেন, ইরানের জনগণকে ভয় দেখানো এবং নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য করা শত্রুর প্রচারণামূলক কৌশলগুলোরই অংশ। কিন্তু ইরানের জনগণ দৃঢ়তা ও শক্তির সঙ্গে নিজেদের পথেই এগিয়ে যাচ্ছে।

ইরানের জনগণ শত্রুর চিন্তাভাবনা ও কৌশলের ওপর তাদের হিসাব-নিকাশের বাইরেও প্রভাব ফেলতে সক্ষম বলে উল্লেখ করেন তিনি। আলিরেজা শেখ বলেন, দেশের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে এবং দেশটির উন্নয়ন কার্যক্রমও এগিয়ে চলছে।

তিনি বলেন- শত্রুকে বুঝতে হবে যে, তারা একটি ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ জাতির মুখোমুখি হয়েছে। এমন একটি জাতির বিরুদ্ধে শত্রু তার লক্ষ্য অর্জন করতে পারবে না। কারণ, “বোমা দিয়ে কোনো সভ্যতাকে ধ্বংস করা যায় না।”

ইরানের ঐতিহাসিক সভ্যতার প্রসঙ্গ টেনে এই জেনারেল বলেন, ইরানের জনগণের সভ্যতার শিকড় সুদীর্ঘ ইতিহাসে প্রোথিত। সেই দীর্ঘ ইতিহাসের তুলনায় যুক্তরাষ্ট্র বিশ্ব ইতিহাসের একটি ছোট অংশজুড়েই অবস্থান করছে।  

সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—হুমকির জবাব দিতে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রস্তুতি নিশ্চিত করা। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে ইরানের সেনাবাহিনী যেকোনো হুমকির জবাব দিতে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।