যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করে কূটনৈতিক আলোচনা ব্যাহত করেছে
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাগদাদে বৈঠকে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ এবং শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে অংশ নিতে বাগদাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি শনিবার সন্ধ্যায় ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।
বৈঠকে অধিবেশনের আয়োজন ও অতিথি আপ্যায়নের জন্য ইরাক সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরাকচি। তিনি ফিলিস্তিন ইস্যু, ইসরায়েলি শাসকগোষ্ঠীর সম্প্রসারণবাদী নীতি এবং যুদ্ধ উসকে দেওয়ার কর্মকাণ্ডসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলায় ইসলামি সহযোগিতা সংস্থার সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুই প্রতিবেশী ও মুসলিম দেশের মধ্যে বিদ্যমান অত্যন্ত সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে ইরাকের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।
বৈঠকে এ অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা ও মতবিনিময় হয়।
পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করে আরাকচি বলেন, এ অঞ্চলে নিরাপত্তাহীনতার মূল কারণ হলো ইসরায়েলি শাসকগোষ্ঠীর দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী নীতি। বিশেষ করে গত তিন বছরে ফিলিস্তিনে গণহত্যা চালানোর পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে এই শাসকগোষ্ঠী, যা বিশ্বশান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
আঞ্চলিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি রোধে কূটনীতির ওপর ইরানের গুরুত্বারোপের কথা তুলে ধরে আরাকচি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্রই বারবার চুক্তি ভঙ্গ এবং শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত করেছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনও অনিরাপদ হয়ে পড়েছে।
এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইরাকের প্রধানমন্ত্রীর বৈঠকে সৌদি আরব-ইয়েমেন সংঘাত, ইয়েমেনের ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ অবসানে সহায়তার উপায় এবং উত্তেজনা কমানোর বিষয়েও আলোচনা ও মতবিনিময় হয়।#
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।