দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করতে চায় ইরান ও মালয়েশিয়া: রুহানি
-
যৌথ সংবাদ সম্মেলনে হাসান রুহানি ও নাজিব রাজাক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ ও মালয়েশিয়া নিজেদের মধ্যকার বাণিজ্য বিনিময় দ্বিগুণ করতে চায়। শুক্রবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়া’য় স্বাগতিক দেশের প্রধানমনন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রথমে দু’দেশ নিজেদের মধ্যকার সম্পর্ককে নিষেধাজ্ঞা-পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেবে এবং এরপর সে সম্পর্ককে দ্রুততার সঙ্গে দ্বিগুণ করবে। তিনি আরো বলেন, আমরা ২০১৬ সালকে অর্থনৈতিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক অঙ্গনে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার বছরে পরিণত করতে চাই।
যৌথ সংবাদ সম্মেলনে নাজিব রাজাক দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে দু’দেশের ব্যাংকিং খাতকে নয়া কৌশল প্রণয়ন করার আহ্বান জানান। তিনি বলেন, মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বিএনএম ও ইরানের কেন্দ্রীয় ব্যাংক সিবিআই’কে এ কাজে এগিয়ে আসতে হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, কার্যকর বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার কৌশল নির্ধারণ করতে শিগগিরই বিএনএম ও সিবিআই কর্মকর্তারা বৈঠকে বসবেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে শুক্রবার সকালে মালয়েশিয়া পৌঁছান প্রেসিডেন্ট রুহানি। এর আগে তিনি ভিয়েতনাম সফর করেন এবং মালশিয়া থেকে দেশে ফেরার আগে তিনি থাইল্যান্ড সফরে যাবেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তিনি ৩৪ জাতির এসিডি সম্মেলনে যোগ দেবেন বলেও কথা রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮