‘ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে ইরান বিরোধী কথা মানায় না’
-
বাহরাম কাসেমি
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যে সহিংসতা উস্কে দেয়া কোনো দেশ ইরানকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করতে পারে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বুধবার পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বলেন, পিজিসিসি’সহ গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ইরান তার ভাষায় যে হুমকি সৃষ্টি করছে সেদিকে ঘনিষ্ঠ দৃষ্টি রাখছে লন্ডন।
থেরেসা মে’র ওই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেন, ব্রেক্সিটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ব্রিটেন যেসব সমস্যায় পড়েছে, মে’র এ বক্তব্য সেখান থেকে উৎসারিত। ইউরোপ হাতছাড়া হয়ে যাওয়ার পর এখন পিজিসিসি’ভুক্ত দেশগুলোকে খুশি করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে ‘অসংলগ্ন’ মন্তব্য করেছেন বলে কাসেমি উল্লেখ করেন।
তিনি বলেন, “যেসব দেশ অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে অন্যায় হস্তক্ষেপ করে যুদ্ধ, সহিংসতা, নিরাপত্তাহীন ও সন্ত্রাসবাদের প্রসার ঘটিয়েছে তাদের মুখে অন্য দেশকে আঞ্চলিক ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগ মানায় না।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, থেরেসা মে আসলে মধ্যপ্রাচ্যে এসেছেন পিজিসিসি’ভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করতে। ইয়েমেন, সিরিয়া, বাহরাইন ও ইরাকসহ অন্যান্য মুসলিম দেশের বিরুদ্ধে পিজিসিসি’ভুক্ত দেশগুলো যে যুদ্ধ করছে তাতে সহযোগিতা করাই তার উদ্দেশ্য। এ অবস্থায় তিনি কিছুতেই ইরানের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮